ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম )- জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন চালু হওয়ায় শনিবার ভোর থেকে রাজধানী ঢাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। ঢাকার ২৫ টি উপকেন্দ্রের মধ্যে সবগুলো চালু হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবারহ সচল করা হয়েছে। রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ প্রায় স্বাভাবিক হয়ে এসেছে।''
বৃহস্পতিবার রাতভর ঘূর্ণিঝড়ে সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। শুক্রবার দুই দফা জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় হওয়ার ফলে রাজধানীসহ সারাদেশ অন্ধকারে ছিল।
শওকত আলী বলেন, "ঢাকাসহ সারা দেশেই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। তবে ঘূর্ণিঝড় আক্রান্ত কয়েকটি অঞ্চলে ১১ কেভি ও ৩৩ কেভির সঞ্চালন লাইন বিচ্ছিন্ন আছে। কিন্তু উৎপাদন ঘাটতির কারণে এই মুহূর্তে দেশের কোথাও লোডশেডিং নেই।"
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঢাকার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের উপ-ব্যবস্থাপক নাসিরউদ্দিন আহম্মেদ শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে নাসিরউদ্দিন বলেন, "এই মুহূর্তে (ভোর পাঁচটায়) জাতীয় গ্রিডে মোট সাড়ে ১১শ' থেকে ১২শ' মেগাওয়াট পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কিন্তু এই মূহূর্তে আমাদের উৎপাদনের ক্ষমতা আছে প্রায় ১৫শ' মেগাওয়াট। এছাড়া বৃষ্টি হওয়ার কারণে শীতের পরিমাণ বাড়বে এবং এর প্রভাবে বিদ্যুতের চাহিদাও কমে যাবে। এ পরিস্থিতিতে প্রতিদিন গড় চাহিদার আনুমানিক পরিমাণ দাঁড়াবে প্রায় ২ হাজার মেগাওয়াট। এ কারণে প্রতিদিন পিকআওয়ারে (সন্ধ্যার পর থেকে দুই ঘন্টা) লোডশেডিং এর পরিমাণ দাঁড়াবে ২-৩শ' মেগাওয়াট।"
শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিটে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকাসহ সারাদেশে মাত্র ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও বিকাল সাড়ে ৫টায় দ্বিতীয় দফা জাতীয় গ্রিড লাইন বন্ধ হয়ে গেলে সন্ধ্যার পর পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে সারা দেশ। দক্ষিণাঞ্চলের শহরগুলোতে সিডরের তাণ্ডবের পর বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয়ের কারণে সন্ধ্যার পর ভুতুড়ে পরিবেশ নেমে আসে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, সকাল ৭টা ৫৭ মিনিটে উৎপাদন ব্যবস্থার ভারসাম্য নষ্ট হওয়ায় পুরো বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা বিকল হয়ে পড়ে। এ সময় উৎপাদন ছিল শূন্য। কোনও উৎপাদন না থাকার কারণে জাতীয় গ্রিড লাইন বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় দফা বিপর্যয় ঘটায় রাজধানীসহ সারাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আলী এক সংবাদ ব্রিফিং-এ জানান, বিকেল সাড়ে পাঁচটায় দ্বিতীয় দফায় বিপর্যয় ঘটাতে রাজধানীসহ সারাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কারণ হিসাবে তিনি যান্ত্রিক ত্র"টির কথা বলেন।
শুক্রবার বিকালে তথ্য অধিদপ্তরে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব ড. আইয়ুব মিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, সারাদেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে ২/৩ দিন সময় লাগবে। তবে শুক্রবার রাতের মধ্যেই অধিকাংশ জেলায় সরবরাহ শুরু হবে।
পিডিবির জনসংযোগ কর্মকর্তা বজলুল হক জানান, দেশের সবগুলো বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে হলে কমপক্ষে ৪০০/৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হয়। সন্ধ্যায় পিক আওয়ারে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ ছিল ৩৪৫০ মেগাওয়াট। রাত ১টায় স্বাভাবিক উৎপাদন ২৫০০ মেগাওয়াট থাকার কথা থাকলেও ওই সময় উৎপাদনের পরিমাণ ছিল ৭৩২ মেগাওয়াট। কারণ ওই সময় দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঘূর্ণিঝড় 'সিডর' বয়ে যাওয়ার কারণে সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভোর ৪টায় চাহিদা ৩৫০ মেগাওয়াটে নেমে আসে। এ কারণে সকাল ৭টা ৫৭ মিনিটে উৎপাদন ব্যবস্থার ভারসাম্য নষ্ট হওয়ায় পুরো বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা বিকল হয়ে পড়ে। এ সময় উৎপাদন ছিল শূন্য। কোনও উৎপাদন না থাকার কারণে জাতীয় গ্রিড লাইন বন্ধ হয়ে যায়।
তিনি জানান, সকাল ৯ টা ৩৫ মিনিটে ময়মনসিংহের আরপিসিএল এ ৩০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি গ্যাস টারবাইন ইউনিট চালু বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়। 'অক্সিলারি সাপ্লাই হিসাবে আশুগঞ্জ ও ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হয়। এ দুটি কেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হয়। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে ৯টা ৫৭ মিনিটে বিদ্যুৎ নেওয়া হয়। ১২টা নাগাদ একটি ইউটিনট চালু করা হয়। কাপ্তাই একটি ইউনিট ১১টার পরে, হরিপুর বেসরকারি এনইপিসি কেন্দ্র সোয়া ১২টা নাগাদ চালু করে গুরুত্বপূর্ন এলাকা বিশেষ করে হাসপাতাল, পানির পাম্প, টেলিভিশন কেন্দ্র, ক্যান্টনমেন্ট, টেলিফোন এক্সচেঞ্জ, বঙ্গভবন অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। দুপুর ২ টা ৩০ মিনিট নাগাদ ৪৩৬ মেগাওয়াট সরবরাহ করা হয়। সোয়া তিনটায় তা বেড়ে ঁদাড়ায় ৫০০ মেগাওয়াটে। সাড়ে তিনটার পরে ঢাকায় সোয়াশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। মতিঝিল, ধানমণ্ডি, বাসাবো, মুগদা, নারিন্দা, কাজলা সিন্ধিরগঞ্জ, বসুন্ধরা এসব এলাকায় সরবরাহ শুরু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমআরএফ/জিএনএ/১১৫৮ ঘ.
bdnews24