২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত, স্বাভাবিক হতে ২-৩ দিন লাগবে

ঘূর্ণিঝড় সিডরের কারণে সারা দেশে বিভিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শুক্রবার সকালে দেশের সব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2007, 12:38 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বরর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরের কারণে সারা দেশে বিভিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শুক্রবার সকালে দেশের সব বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। উৎপাদন শূন্যের কোঠায় নেমে আসায় অচল হয়ে যায় জাতীয় গ্রীড। দুপুরের পর রাজধানীর কিছু এলাকাসহ দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে সরবরাহ শুরু হলেও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে দুই থেকে তিন দিন সময় লাগবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, শুক্রবার দুপুর থেকে রাজধানীর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বেলা সাড়ে তিনটা নাগাদ রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকাসহ সারাদেশে মাত্র ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। সন্ধ্যা নাগাদ সরবরাহ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ কর্মকর্তারা। বিকেলে তথ্য অধিদপ্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব ড. আইয়ুব মিয়া সাংবাদিকদের বলেন, "সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে দুই থেকে তিন দিন সময় লাগবে। তবে শুক্রবার রাতের মধ্যে অধিকাংশ জেলায় সরবরাহ শুরু হবে।" বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, দেশের সবগুলো বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতেই ৪০০ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ লাগে। বৃহস্পতিবার সন্ধ্যায় পিক আওয়ারে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ ছিল ৩ হাজার ৪৫০ মেগাওয়াট। ঘূর্ণিঝড়ের কারণে সন্ধ্যার পর দেশের অনেক স্থানেই সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। রাত ১টায় স্বাভাবিক উৎপাদন ২ হাজার ৫০০ মেগাওয়াট হওয়ার কথা থাকলেও সরবরাহের সুযোগ না থাকায় ওই সময় উৎপাদন করা হয় মাত্র ৭৩২ মেগাওয়াট। এভাবে ভোর ৪টায় চাহিদা মাত্র ৩৫০ মেগাওয়াটে নেমে আসে। সকাল ৭টা ৫৭ মিনিটে উৎপাদন-সরবরাহ ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাই বিকল হয়ে পড়ে। ওই সময় দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল শূন্য। আর উৎপাদন না থাকায় জাতীয় গ্রিড লাইনও বন্ধ হয়ে যায়। পিডিবি কর্মকর্তারা জানান, সকাল ৯টা ৩৫মিনিটে ময়মনসিংহের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) ৩০ মেগাওয়াটের একটি গ্যাস টারবাইন ইউনিট চালু করে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ওই বিদ্যুৎ প্রাথমিকভাবে 'অক্সিলারি সাপ্লাই' হিসাবে আশুগঞ্জ ও ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র চালুর জন্য ব্যবহার করা হয়। এভাবে বেলা ১২টা নাগাদ আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু করা হয়। কিন্তু ঘোড়াশাল কেন্দ্রটি বিকেল পর্যন্ত চালু করা যায়নি। এর আগে বেলা ১১টার পর কাপ্তাই এর একটি ইউনিট এবং সোয়া ১২টা নাগাদ হরিপুরের বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র এনইপিসি থেকে উৎপাদন শুরু হয়। এসব কেন্দ্র থেকে হাসপাতাল, পানির পাম্প, টেলিভিশন কেন্দ্র, ক্যান্টনমেন্ট, টেলিফোন এক্সচেঞ্জ ও বঙ্গভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। দুপুর আড়াইটা নাগাদ সরবরাহের পরিমাণ দাঁড়ায় ৪৩৬ মেগাওয়াট। সোয়া তিনটায় তা বেড়ে দাঁড়ায় ৫০০ মেগাওয়াটে। বিকেল সাড়ে তিনটার পর ঢাকার মতিঝিল, ধানমণ্ডি, বাসাবো, মুগদা, নারিন্দা, কাজলা ও বসুন্ধরাসহ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পিডিবির নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত কাপ্তাইয়ে ৩টি, ওয়েস্টমন্টের ১টি, আশুগঞ্জে ১টি, ভেড়ামারা ৩টি, বাঘাবাড়িতে ১টি, আরপিসিল এর ১টি ও খুলনায় কেপিসিএল এর ২টি ইউনিট চালু করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (জনসংযোগ) বজলুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বড় বড় জেনারেটরগুলো একবার বন্ধ হয়ে গেলে আবার চালু করতে বেশ সময় লাগে। তার ছিঁড়ে যাওয়ায় সরবরাহ করার সুযোগ না থাকায় একে একে সবগুলো বিদ্যুৎ কেন্দ্রই আমরা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম। এখন সেগুলো আবার চালু করার কাজ চলছে। যথা দ্রুত সম্ভব রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ চালু করার চেষ্টা চলছে। রাজধানীতে রাতেই সরবরাহ ব্যবস্থার উন্নতি হবে। তবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে লাইন মেরামত করে সরবরাহ স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএইচডি/জেকে/এমএ/১৮৩৫ ঘ.