২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ২৩৩ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে

দক্ষিণাঞ্চলে সংঘঠিত ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে শুক্রবার বিকেলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ২৩৩ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। তবে ব্যাপক ক্ষতিগ্রস্ত বরগুনা ও ঝালকাঠির সঙ্গে যোগাযোগ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2007, 12:17 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দক্ষিণাঞ্চলে সংঘঠিত ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে শুক্রবার বিকেলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ২৩৩ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। তবে ব্যাপক ক্ষতিগ্রস্ত বরগুনা ও ঝালকাঠির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে না পারায় সেখানকার মৃতের সংখ্যা তারা জানাতে পারেনি। শুক্রবার বিকেল ৪টার দিকে তথ্য অধিদপ্তরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. আইয়ুব মিয়া প্রাথমিক ভাবে নিহতের এই সংখ্যা জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ ভাণ্ডার থেকে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে তাৎক্ষণিকভাবে ৯ কোটি ৫০ লাখ টাকার খাদ্য ও গৃহনির্মাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ১৪টি জেলার জন্য ৩ হাজার টন চাল, ৭ হাজার ৬০টি তাঁবু ও ১৫ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্গত জেলাগুলোতে ৭৩২টি মেডিকেল টিম কাজ করছে। ভারপ্রাপ্ত সচিবের দেওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বরিশালে ৩৭, পটুয়াখালিতে ৩৩, ভোলায় ১০, পিরোজপুরে ৪, খুলনায় ১২, বাগেরহাটে ৪৩, সাতক্ষিরায় ৩, যশোরে ১, মাদারীপুরে ১৯, শরিয়তপুরে ১৪, গোপালগঞ্জে ২৫. ফরিদপুরে ২, চাঁদপুরে ৩, লক্ষীপুরে ১, নারায়ণগঞ্জে ২, ঢাকায় ৪, মুন্সিগঞ্জে ৩ ও কক্সবাজারে ১ জন । তিনি বলেন, "টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে কী সংখ্যক ঘর-বাড়ি-ফসল ও গবাদিপশুর ক্ষতি হয়েছে তার নিরূপণ করা যায়নি। একই কারণে নিহত ও আহতদের সংখ্যাও সঠিকভাবে জানা যাচ্ছে না। বরগুনা ও ঝালকাঠির সঙ্গে কোনো যোগাযোগ না থাকায় আমরা কোনো তথ্য জানতে পারছি না।" তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দু'একদিনের মধ্যে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর সঙ্গে টেলিযোগাযোগ সচল হবে। ড. আইয়ুব জানান, বিমান বাহিনী হিরণপয়েন্ট, দুবলার চর, পাথরঘাটা ও কুয়াকাটায় হেলিকপ্টারের মাধ্যমে ৩ হাজার ২০টি ত্রাণ সামগ্রীর ব্যাগ বিতরণ করেছে। এসব ব্যাগে চাল, ডাল, তেল, আলু, মোমবাতি ও বিশুদ্ধ পানির বোতল রয়েছে। এছাড়া নৌবাহিনী তাদের স্পিডবোটের মাধ্যমে উপকূেলর ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে। স্থানীয় জেলা প্রশাসনও দুর্গতদের মধ্যে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারসহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করছে। সংবাদ ব্রিফিং-এ উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল বারি ও প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখারুল আলমসহ অন্য কর্মকর্তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/পিসি/এসএম/এমএ/১৮০০ ঘ.