ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শুল্কমুক্ত কোটায় আমদানি গাড়ি নিয়ম ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগে করা দুর্নীতি মামলায় বিএনপির সংস্কারপন্থী নেতা আশরাফ হোসেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও ওরিয়ন গ্র"পের ওবায়দুল করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক এ আদেশ দেন।
২০ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত ফেরত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
গত ৫ জুন ধানমণ্ডি থানার উপপরিদর্শক আবদুল হাই একই থানায় মামলাটি দায়ের করেন। পরে মামলাটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) হস্তান্তর করা হয়।
এ মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক শফিউল আলম। অভিযোগপত্রে এ তিনজনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ওবায়দুল করিম গুলিস্থান-যাত্রাবাড়ি ফ্লাইওভার নির্মাণকাজ ও অন্য আরও বিষয়ে সহায়তা পাওয়ার জন্য হারিছ চৌধুরীকে ঘুষ হিসাবে নতুন ব্র্যান্ডের ২০০৫ মডেলের টয়োটা ইনফিনিটি গাড়ি দেন। বিএনপির সাবেক হুইপ আশরাফ হোসেনের নামে সাংসদ কোটায় শুল্কমুক্ত গড়িটি আমদানির জন্য যাবতীয় কাগজপত্র তৈরি করা হয়। ওবায়দুল করিম গাড়ি আমদানির যাবতীয় খরচ দেন। অবৈধভাবে গাড়ি আমদানিতে সহায়তা করে আশরাফ হোসেন আর্থিকভাবে লাভবান হন।
অভিযোগে বলা হয়, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর হারিছ চৌধুরী তার শ্যালক মাসুম ওরফে মাসুদ আহম্মেদের মাধ্যমে গাড়িটি বিক্রির চেষ্টা চালান। গাড়িটি বিক্রি করতে পারলে হারিছের গাড়ি চালক সালাম পাঁচ লাখ টাকা পাবে এ আশ্বাসে ক্রেতা খুঁজতে থাকে। এ সময় ২৭ ফেব্র"য়ারি রাতে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা গ্রিনরোড ষ্টাফ কোয়ার্টার এলাকা থেকে গাড়িটি জব্দ করে।
এ ঘটনায় মাসুম ও সালামকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে কারাগারে আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএসবি/০০৫১ ঘ.
bdnews24