২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরিয়নের ওবায়দুল করিমের বিরুদ্ধে আরও একটি মামলা

ওরিয়ন গ্র"পের ওবায়দুল করিমের বিরুদ্ধে দলিল জাল করার অভিযোগে জালিয়াতি ও প্রতারণার একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার গুলশান থানায় মামলাটি করেন জমির মালিক মিরপুর শাহআলী এলাকার বাসিন্দা মো. শফিউল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 06:24 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ওরিয়ন গ্র"পের ওবায়দুল করিমের বিরুদ্ধে দলিল জাল করার অভিযোগে জালিয়াতি ও প্রতারণার একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার গুলশান থানায় মামলাটি করেন জমির মালিক মিরপুর শাহআলী এলাকার বাসিন্দা মো. শফিউল্লাহ। ওবায়দুল করিম জমির জাল দলিল তৈরি করে তার বিপরীতে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। গুলশান থানার উপ-পরিদর্শক গুলশান আরা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার অভিযোগে বলা হয়েছে, শফিউল্লার জমির জাল দলিল তৈরি করেছেন ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান। তিনি এ দলিল জমা দিয়ে সিটি ব্যাংক গুলশান শাখা থেকে ঋণ নিয়েছেন। শাহআলীর নবাবেরবাগ গড়ানচক এলাকায় শফিউল্লাহর ২ দশমিক ০২ একর জমি রয়েছে। তবে ওবায়দুল করিম কত টাকা ঋণ নিয়েছেন সে বিষয়ে এজাহারে কিছু উল্লেখ করা হয়নি। ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত সময়ে ওবায়দুল করিম জাল দলিল তৈরি ও ঋণ নেওয়ার পুরো প্রক্রিয়া শেষ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। প্রায় ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওবায়দুল করিমের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আরও একটি মামলা হয়েছে। ২৫ জানুয়ারি মামলাটি করেন ওরিয়েন্টাল ব্যাংক কারওয়ান বাজার শাখার সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট কাজী মানজুর হোসেন। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি বর্তমানে পলাতক। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর গাড়ি জব্দ ও এ সংক্রান্ত মামলায় ওবায়দুল করিম অভিযোগপত্রভুক্ত আসামি। এ মামলায়ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/এমএসবি/০০১৫ ঘ.