চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--নগরীর দামপাড়া বাসস্ট্যান্ড থেকে ১৭০টি ইয়াবাসহ নুরুল আলম (৩৫) নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইব্রাহীম খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টায় কক্সবাজার থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে তল্লাশী চালিয়ে নুরুল আলমের কাছ থেকে ১৭০টি ইয়াবা উদ্ধার করা হয়।
ইব্রাহীম খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধারনা করা হচ্ছে নুরুল আলম ইয়াবা পাচারকারী দলের সদস্য এবং এগুলো ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সে কক্সবাজার থেকে রওনা হয়েছে।
তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর এবং মামলা দায়ের করা হবে।
ইয়াবা বহনকারী নুরুল আলমের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/১৭২৯ঘ.
bdnews24