ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগ পৃথককরণ বিষয়ে আগামী ১২ ডিসেম্বর পরবর্তী আদেশ দেবেন সুপ্রিম কোর্ট। পৃথককরণের রায় লংঘনের দায়ে চার সচিবসহ ১৩ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা দুই আদালত অবমাননার মামলার ওপরও ওইদিন আদেশ দেওয়া হবে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চ পৃথককরণ বিষয়ে পরবর্তী আদেশের এই দিন ধার্য করে। বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি ও আদেশের দিন ধার্য থাকলেও আপিল বিভাগের ৭ বিচারপতির অন্যতম বিচারপতি এমএম রুহুল আমিন বিদেশ সফরের কারণে অনুপস্থিত থাকায় শুনানি হয়নি। তাই আদালত কোন আদেশও দেননি।
সকাল সাড়ে নয়টায় আপিল বিভাগের ৬ বিচারপতির আদালত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামালের উদ্দেশ্যে বলেন, একজন বিচারপতি অনুপস্থিত থাকায় পৃথককরণ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের দিন ১২ ডিসেম্বর ধার্য করা হল।
এর আগে গত ৩১ অক্টোবর সুপ্রিম কোর্ট পৃথককরণের বিষয়ে ১৫ নভেম্বর পরবর্তী আদেশের জন্য তারিখ ধার্য করেছিল। এ ছাড়া জেলা প্রশাসকদের কাছ থেকে জুুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য আদালত কক্ষ, গাড়ি ও আনুষঙ্গিক সুবিধা না চাওয়া সম্পর্কে জেলা জজদের কাছে আইন মন্ত্রণালয়ের দেওয়া চিঠির বিষয়েও আদেশ দেওয়ার কথা ছিল এদিন।
গত ১৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য আদালত কক্ষ, গাড়ি, লোকবল ও আনুসঙ্গিক বিষয়ে ব্যবস্থা নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দিয়েছিল।
২৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়ের ২৪ অক্টোবর দেওয়া উল্লিখিত চিঠিকে কেন্দ্র করে সরকারের চার সচিবের প্রতি সুয়োমটো আদেশ জারি করে। আদালত ওইদিন আইন মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতা স্থগিত করে দুইদিনের মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য এজলাসসহ অবকাঠামোগত সুবিধাদি নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দিয়েছিল।
আদালতের নির্দেশে সরকার এসব ব্যবস্থা করে ১ নভেম্বর বিচার বিভাগ পৃথককরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। সেদিন থেকে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে কাজ করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এটি/এসকে/১২৪০ঘ.
bdnews24