যশোর, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোরে বন্দুক ও গুলিসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোররাতে সদর উপজেলা নলডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আইয়ুব আলী শরীফ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, আব্দুল কাদের, আজাদ হোসেন, আসাদুজ্জামান, অহেদুর রহমান ও মহিউদ্দিন।
পুলিশ কর্মকর্তা আইয়ুব আলী জানান, যশোর-ঝিনাইদহ সড়কে বাস ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। রাত ৩টার দিকে চুড়ামনকাটি বাজারের কাছে বাস আটকানোর জন্য তারা কাঠের গুঁড়ি নিয়ে অবস্থান করছিলো। গোপন সূত্রে ওই খবর পেয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
ডাকাতদের কাছ থেকে একটি দেশি বন্দুক এবং দুই রাউন্ড গুলি পাওয়া যায় বলে পুলিশ জানায়।
আইয়ুব আলী জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো চালান দেয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৬ ঘ.
bdnews24