২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট থানা থেকে খোয়া যাওয়া অস্ত্রটি পাওয়া গেল থানাতেই

বাগেরহাট সদর থানা থেকে উধাও হওয়া আগ্নেয়াস্ত্রটির সন্ধান মিলেছে থানার অস্ত্রাগারেই। মঙ্গলবার দুপুরে অস্ত্রাগারে পুলিশ ও জনসাধারণের জমা রাখা অস্ত্রের তালিকা মেলানোর সময় সেটি পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 04:41 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

বাগেরহাট, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর থানা থেকে উধাও হওয়া আগ্নেয়াস্ত্রটির সন্ধান মিলেছে থানার অস্ত্রাগারেই। মঙ্গলবার দুপুরে অস্ত্রাগারে পুলিশ ও জনসাধারণের জমা রাখা অস্ত্রের তালিকা মেলানোর সময় সেটি পাওয়া যায়। অস্ত্র উধাওয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মেরাজ আহমেদ জানান, কারাগারে আটক জেলা যুবদল সভাপতি ফকির তারিকুল ইসলামের স্ত্রী গত ১৪ ফেব্র"য়ারি তার নাইন শুটারটি থানায় জমা দেন। কিন্তু এক নলা বন্দুক হিসেবে সেটি তালিকাভুক্ত করা হয়। গত ৬ নভেম্বর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির যোগ দেওয়ার পর আগ্নেয়াস্ত্রের তালিকা মেলানোর সময় নাইন শুটারটি না পাওয়ায় বিপত্তি দেখা দেয়। মেরাজ আহমেদ আরও বলেন, জমা রাখা নাইন শুটারটি এক নলা বন্দুক হিসাবে খাতায় তালিকাভুক্ত করে তা অস্ত্রাগারে বন্দুকের সারিতে রাখা হয়েছিল। এ কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়। হিসাবের গড়মিলের কারণে ১০ নভেম্বর থানার উপ-পরিদর্শক মোফাজ্জেল হোসেন ও অস্ত্রাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শামছুল হুদা প্রত্যাহার করে বাগেরহাট পুলিশ লাইনে নিয়ে আসা হয়। প্রসঙ্গত, আগ্নেয়াস্ত্রটির মালিক ফকির তারিকুল ইসলাম একাধিক মামলায় গত ১৫ জানুয়ারি গ্রেপ্তার হন। তিনি এখন বাগেরহাট কারাগারে আছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২২৩৫ ঘ.