২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ফুঁসছে ক্যাটরিনার শক্তিসম্পন্ন ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে হারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম বন্দর এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ঝড়টির গতিবিধির দিকে লক্ষ রেখে জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মারুফ মল্লিক। (আরও তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 01:41 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে হারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম বন্দর এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তীরে ফিরতে শুরু করেছে মাছ ধরা নৌকা ও ট্রলার। ইতোমধ্যে শতাধিক ট্রলার তীরে ফিরে এসে নিরাপদ নোঙর করেছে। ঘূর্ণিঝড় আঘাত করলে পরিস্থিতি মোকাবেলায় উপকূলীয় ১১টি জেলায় ৪২ হাজার ৬৭৫ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রণালয়ে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। ব্রিটিশ ঝড় পূর্বাভাস ব্যবস্থা ট্রপিক্যাল স্টর্ম রিস্ক জানিয়েছে, 'এসআইডিআর' নামের ঘূণিঝড়টি ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেন ক্যাটরিনার সমান শক্তি সম্পন্ন। ঝড়টির গতিবিধির দিকে লক্ষ রেখে জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মারুফ মল্লিক। (আরও তথ্যসহ-৩) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমেরন্দ্র কর্মকার মঙ্গলবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, 'এসআইডিআর' ঘূর্ণিঝড় 'টি ৪ দশমিক ৫ মাত্রা'র। যা হারিকেনের শক্তিসম্পন্ন প্রবল ঘূর্ণিঝড়কে বোঝায়। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, হারিকেনের তীব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড় 'এসআইডিআর' উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে সরে গিয়ে রাত ৯ টায় পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের যথাক্রমে প্রায় এক হাজার ৭০ কিলোমিটার ও ৯৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দরের এক হাজার ৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো জোরদার হয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের ওই বুলেটিনে বলা হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটার এলাকায় বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় প্রায় ১৬৫ কিমি থেকে বেড়ে ১৮৫ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর প্রচণ্ড উত্তাল থাকছে। চট্টগ্রাম, কক্সবাজার এবং মংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে চলে আসতে বলা হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, উপকূলীয় ১১টি জেলায় পরিস্থিতি মোকাবেলার জন্য ৪২ হাজার ৬৭৫ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ১৯৭০ সালে নভেম্বর মাসে এক ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় ৫ লাখের বেশি মানুষ মারা যায়। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে মারা যায় ১ লাখ ৪৩ হাজার মানুষ। ধ্বংস হয়ে যায় হাজার হাজার ঘরবাড়ি। আমাদের চট্টগ্রাম অফিস জানায়, ঘূর্ণিঝড় 'এসআইডিআর' এর প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরকে চার নম্বর সতর্কতা সংকেত জারির পরিপ্রেক্ষিতে বন্দর এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বন্দরে একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। বন্দর সচিব সৈয়দ ফরহাদউদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সতর্কতা জারির পাশাপাশি জাহাজগুলোকে দ্বিগুণ রশি দিয়ে বেঁধে রাখা, বন্দর চ্যানেল ও বহির্নোঙ্গরে বয়াগুলো পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দর সচিব আরও জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি বন্দরগুলোতে ৫ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয় তবে বন্দরে জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হবে। কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গুমোট অবস্থায় রয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে। পটুয়াখালী প্রতিনিধি জানান, সমুদ্র সৈকত কুয়াকাটসহ পটুয়াখালীর উপকূলীয় এলাকা উত্তাল হয়ে উঠেছে। মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র জানান, ইতোমধ্যে শতাধিক ট্রলার তীরে ফিরে এসে নিরাপদ নোঙর করেছে। অন্যান্য ট্রলারগুলোকে সাগর থেকে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকা শতাধিক ট্রলারকে খবর পৌঁছানো সম্ভব হয়নি। ফিরে আসা জেলেরা জানান, প্রতি মুহূর্তে সাগরের গর্জন বাড়ছে। অপরদিকে গলাচিপার রাঙাবালী, মৌডুবি, চর মোন্তাজ, চর কাজলসহ শতাধিক চরের সমুদ্রগামী ট্রলারগুলোও ফিরতে শুরু করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/এমআরএফ/ডিডি/এমআই/এমএইচবি/২৩২৩ ঘ.