২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্ত রক্ষীরা

বাংলাদেশের সমুদ্রসীমায় মাছ ধরার সময় সেন্টমার্টিন উপকূল থেকে সোমবার বিকালে মিয়ানমারের সীমান্ত রক্ষীরা (নাসাকা বাহিনী) দুটি মাছ ধরার ট্রলারসহ ১৬ জেলেকে অপহরণ করেছে। পরে অবশ্য তিন জেলেকে ছেড়ে দেয় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 01:32 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

কক্সবাজার, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সমুদ্রসীমায় মাছ ধরার সময় সেন্টমার্টিন উপকূল থেকে সোমবার বিকালে মিয়ানমারের সীমান্ত রক্ষীরা (নাসাকা বাহিনী) দুটি মাছ ধরার ট্রলারসহ ১৬ জেলেকে অপহরণ করেছে। পরে অবশ্য তিন জেলেকে ছেড়ে দেয় তারা। স্থানীয় মাঝিমাল্লারা সাংবাদিকদের জানায়, সেন্টমার্টিন দ্বীপের কাছে সোমবার বিকেলে অনুপ্রবেশ করে টেকনাফের শাহপরীরদ্বীপ ইউনিয়নের দক্ষিণ পাড়ার আমান উল্লাহ ও জাফর আলমের মালিকানাধীন দুটি ফিশিং ট্রলার ও ট্রলারের ১৬ মাঝি মাল্লাকে অপহরণ করে নিয়ে যায়। নাসাকা বাহিনী ছেড়ে দেয়ার পর তিন মাঝি আলী আহমদ, আবদুস শুক্কুর ও রহমত উল্লাহ টেকনাফ ফিরে স্থানীয়দের জানায়, অপর মাঝি-মাল্লা ও ফিশিং ট্রলার দুটির বিনিময়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে নাসাকা সদস্যরা। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ২৩ রাইফেল ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর আজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, বাংলাদেশ সীমান্ত থেকে দুটি মাছ ধরার ট্রলার ও মাঝি-মাল্লা অপহরণের কথা তারা শুনেছেন। তবে ঘটনাটি সেন্টমার্টিন এলাকায় হওয়ায় এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা নেই। বিডিআর বিষয়টি জানার জন্য মঙ্গলবার সকালে ওই ট্রলার মালিকদের খবর দিয়েছে। এদিকে টেকনাফ থেকে একজন সংবাদকর্মী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সহকর্মীদের মুক্তির জন্য টেকনাফে ফিরে আসা মাঝি-মাল্লারা মঙ্গলবার দুপুরে বাংলাদেশি মুদ্রায় ২ লাখ টাকা নিয়ে মিয়ানমার গেছেন। বিকাল পর্যন্ত তারা ফিরে আসেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৯২৬ ঘ.