২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অজুহাত দেখাচ্ছেন আইন উপদেষ্টা: সুরঞ্জিত

যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে আইন উপদেষ্টা বিভিন্ন অজুহাত দাঁড় করাচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার সকালে জিগাতলার বাসায় সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, "গোটা জাতি যখন যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে একমত। তখন মাত্র একজন উপদেষ্টা অজুহাত নিয়ে আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 01:22 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে আইন উপদেষ্টা বিভিন্ন অজুহাত দাঁড় করাচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার সকালে জিগাতলার বাসায় সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, "গোটা জাতি যখন যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে একমত। তখন মাত্র একজন উপদেষ্টা অজুহাত নিয়ে আসছেন। বঙ্গবন্ধু, জেল হত্যা, বুদ্ধিজীবী হত্যার ঘটনাগুলোকে তিনি পুরনো জঞ্জাল হিসেবে উল্লেখ করেছেন।" আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন রোববার পিআইডি সম্মেলন কক্ষে বর্তমান সরকারের সময়ে যুদ্ধাপরাধীদের বিচার করার বিষয়ে বলেন, "যুদ্ধাপরাধীদের যারা ৩৬ বছরে বিচার করেননি তাদেরকে জিজ্ঞেস করুন তারা অপরাধী কিনা। যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্ন কেন আমাদের করেন। ৩৬ বছর অপেক্ষা করেছেন, আরো দু'বছর অপেক্ষা করেন না কেন।" উপদেষ্টার এ কথার জবাবে সুরঞ্জিত সোমবার বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আর কোনো উপদেষ্টা এ কথা বললে আমার আপত্তি ছিল না। কিন্তু ১৯৭৩ সালে আমাদের সংবিধানের প্রথম সংশোধনী যখন হয় তখন ব্যারিস্টার মইনুল ওই সংসদের সদস্য ছিলেন এবং তিনি এ আইন পাস সমর্থন করেছিলেন।" প্রসঙ্গত, সংবিধানের প্রথম সংশোধনীতে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়ে ৪৭ নম্বর অনুচ্ছেদে ৩ নম্বর ধারা যুক্ত করা হয়। এতে বলা হয়েছে, "এই সংবিধানে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য কোন সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য কিংবা যুদ্ধবন্দীকে আটক, ফৌজদারীতে সোপর্দ কিংবা দন্ডদান করিবার বিধান সম্বলিত কোন আইন বা আইনের বিধান এই সংবিধানের কোন বিধানের সহিত অসমঞ্জস বা তাহার পরিপন্থী, এই কারণে বাতিল বা বেআইনী বলিয়া গণ্য হইবে না কিংবা কখনও বাতিল বা বেআইনী হইয়াছে বলিয়া গণ্য হইবে না।" এতদিনে যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "অনেকেই তো অনেক কিছু করে না। তাই বলে ভবিষ্যতেও করবে না এরকম কোনো কথা নেই।" যুদ্ধপরাধীদের বিচার না করলে গণতন্ত্র নিরাপদ হবে না মন্তব্য করে তিনি বলেন, "গণতন্ত্র নিরাপদ হবে তখনই যখন স্বাধীনতা ও সর্বোচ্চ আইন সংবিধান নিরাপদ হবে। যতদিন ওদের (যুদ্ধাপরাধীদের) বিচার হবে না ততোদিন আস্ফালন বাড়তেই থাকবে। এদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা তথা সমস্ত অস্তিত্বই হুমকির মুখে পড়বে।" যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার ওপর জোর দিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "কোনো বিষয়কে পাস কাটিয়ে নয়, সমস্যার সমাধান করে এগিয়ে যেতে হবে।" সন্দেহভাজন দুর্নীতিবাজদের ধরা গেলে সন্দেহভাজন যুদ্ধাপরাধীদেরও কেন ধরা যাবে না- সে প্রশ্ন তোলেন তিনি। রাজনৈতিক দলগুলোতে আশানুরূপ সংস্কার হচ্ছে না দাবি করে আইন উপদেষ্টার দেওয়া বক্তব্য সম্পর্কে সুরঞ্জিত বলেন, "সরকারের সংস্কার সরকার করবে, আর রাজনৈতিক দলের সংস্কার করবে রাজনৈতিক দলগুলোই। তবে সংস্কারের জন্য প্রয়োজন সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এমএ/১৯১২ ঘ.