মানিকগঞ্জ, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ও ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, সরকারের। এই সরকার এটা করতে না চাইলে পরবর্তী সরকারকে তা করতে হবে।
মানিকগঞ্জ দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে ছবিসহ ভোটার তালিকা তৈরি বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন।
বিএনপির দুটি অংশই নির্বাচনী আইন সংস্কার নিয়ে কমিশনের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী। শেষ পর্যন্ত বিষয়টি আদালতেও গড়িয়েছে। এ অবস্থায় কমিশন কী করবে, তা জানতে চাইলে শামসুল হুদা বলেন, "আদালত যা রায় দেবে, আমরা সেটা মেনে নেব।"
সংলাপে বিএনপির দুই পক্ষকেই ডাকা যেতো কী না, তা জানতে চাওয়া হলে তিনি বলেন, "এতে মহা বিপদ হতো। এটি করলে জাপা, ন্যাপসহ দ্বিধাবিভক্ত অন্য দলগুলোকেও ডাকতে হতো। তাই নিজস্ব নীতিমালার ভিত্তিতে আমরা বিএনপির একটি অংশকেই ডেকেছি। আমরা অনেক দূর এগিয়েছি, এর অন্যথা করার সুযোগ নেই।"
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, "আগামী নির্বাচন হবে কালো টাকা ও পেশী-শক্তিমুক্ত। এ জন্য ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির পাশাপাশি নির্বাচনী আইনও সংস্কার করা হচ্ছে।
২০০৬ সালের ভোটার তালিকায় 'শতকরা ১৮ ভাগ ভুল ছিল' মন্তব্য করে সিইসি আরও বলেন, "এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভুল ভোটার তালিকা দিয়ে সৎ, যোগ্য ও বিবেকবান লোক নির্বাচন করা খুব কঠিন কাজ। সৎ ও যোগ্য লোক নির্বাচিত করতে নির্ভুল ভোটার তালিকা করতে হবে।"
মানিকগঞ্জের জেলা প্রশাসক মো. আতাউর রহমান এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এমএম সালেহীন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিআর/জেকে/এমএ/১৬৪৪ ঘ.
bdnews24