বেনাপোল, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিরোধী দলগুলোর ডাকা বনধের কারণে অচল হয়ে পড়েছে দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল। সোমবার সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
ভারতের পেট্রাপোল থেকে পণ্যবাহী কোনো ট্রাক এদিন বেনাপোলে আসেনি এবং বেনাপোল থেকেও কোনো ট্রাক পেট্রাপোল যায়নি বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।
বেনাপোল শুল্ক ভবনের পরিদর্শক এম এ তাহের বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকায় পেট্রাপোলগামী ২০০ ট্রাক বেনাপোল বন্দরে আটকা পড়েছে।
নন্দিগ্রামের ঘটনায় সোমবার থেকে পশ্চিমবঙ্গে লাগাতার বন্ধের ডাক দেয় তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে বিজেপি সোম ও মঙ্গলবার দুই দিনের বনধ ডাক দিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24