বাগেরহাট, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতিকালে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ চার শিকারীকে গ্রেপ্তার করেছে বনরক্ষীরা।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের নাংলী এলাকায় রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম শহীদুল্লাহ।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা অভিযান চালিয়ে চার শিকারীকে গ্রেপ্তার করে। তাদের কাছে একটি বিদেশি একনলা বন্দুক, নয়টি তাজা গুলি, একটি চাপাতিসহ হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।"
গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের হারুন-অর-রশিদ (৬২), দক্ষিণ রাজাপুর গ্রামের ফজলে হক (৪৪), মো. কালাম (৪২) ও জীবনদুয়ারী গ্রামের বিপ্লব ব্যাপারী (৩২)।
এ চার জনের বিরুদ্ধে ধানসাগর ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম ফিরোজ কবীর বাদি হয়ে বন আইনে একটি মামলা করেছেন বলে বন কর্মকর্তা শহীদুল্লাহ জানান।
সোমবার আদালতের মাধ্যমে ওই চার জনকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটতম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.
bdnews24