রংপুর, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দুই মাসের মধ্যে আবারও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরি হয়েছে। শনিবার নীলফামারীর মনোয়ারা বেগমের পাঁচদিন বয়সী ছেলে শিশু চুরি হয়।
এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক দক্ষিণা রঞ্জন রায় কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শিশু চুরির ঘটনায় গাইনি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. শাহী ফারজানা তাসনিমাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ হাশমী জানান, শিশু চুরির অভিযোগ তারা পেয়েছেন। তদন্ত চলছে।
শিশুর মা মনোয়ারা বেগম জানান, তার সন্তানের বয়স পাঁচদিন। ১০ বছর পর এ প্রথম তার সন্তান হল। শনিবার সকালে এক মহিলা একই ওয়ার্ডের এক রোগীর আত্মীয় পরিচয় দিয়ে তার বেডের পাশে আসে। মহিলা তার ছেলেকে কোলে নিয়ে আদর করে। দুপুরের দিকে তার সঙ্গে থাকা বৃদ্ধা দাদী গোসল করতে যান। এই সুযোগে মহিলা তার সন্তান নিয়ে কখন উধাও হয়ে যায় তিনি বলতে পারেন না ।
ঘটনা জানার পর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ পুরো হাসপাতাল তল্লাশী করে শিশুর খোঁজ পায়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর নীলফামারী জেলা শহরের কামিয়ালখাতা মহল্লার জিয়াউল হকের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ১২ নাম্বার গাইনি ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই অস্ত্রপচারের মাধ্যমে তার ছেলে শিশুর জন্ম হয়।
এ বছর ১৬ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এ গাইনি ওয়ার্ড থেকে একটি নবজাতক চুরি হয়েছিল। পুলিশ এখনও তার খোঁজ পায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২০ ঘ.
bdnews24