চট্টগ্রাম, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মীরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়ন যুবদল সভাপতি নুরুল ইসলামের (৩৫) হাত-পা বাঁধা লাশ শনিবার সকালে উদ্ধার করেছে পুলিশ।
মীরসরাই থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ সকাল ১১টার দিকে কাটাছড়া ইউনিয়নের তেতুইয়া গ্রামের একটি কালভার্টের নিচ থেকে নুরুল ইসলামের লাশ উদ্ধার করে।
তিনি জানান, লাশের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত এবং গলায় ফাঁস লাগানো ছিল।
এ ঘটনায় নিহতের মা নূর তাজ বেগম বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেছেন বলে পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির জানান।
এদিকে নগরীর কোতোয়ালি থানার বিআরটিসি বাস টার্মিনাল ও বরিশাল কলোনি এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ২০০ বোতল ফেনসিডিল ও ২২০ পুরিয়া গাঁজা উদ্ধার করেছে। শনিবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৯০২ ঘ.
bdnews24