সিলেট, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সুপরিসর উড়োজাহাজ ডিসি-১০ অবতরণের মধ্য দিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের প্রস্তুতি শেষ হয়েছে। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এখান থেকে সরাসরি হজ ফ্লাইট চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার সকাল নয়টায় ডিসি-১০ উড়োজাহাজটি লন্ডন থেকে দুবাই হয়ে সরাসরি সিলেটে আসে। পরে এটি লন্ডন ও দুবাইয়ের যাত্রী নিয়ে ঢাকায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে যায়।
ওসমানী বিমানবন্দরের ট্রাফিক বিভাগের কর্মকর্তা জয়নাল আবেদীন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল নয়টায় ডিসি-১০ উড়োজাহাজটি অবতরণ করে। এর মধ্য দিয়ে সরাসরি হজ ফ্লাইটের প্রস্তুতির বিষয়ে কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছেন। আগামী ২৯ ও ৩০ নভেম্বর হজ ফ্লাইটের তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মানের বিমানবন্দর করার জন্য রানওয়ের উন্নয়নমূলক কাজ গত দুই সরকার আমলে করা হয়েছে।
বন্দরের সিভিল এভিয়েশন শাখার উপ-সহকারী প্রকৌশলী মো. ছানাউল্লাহ জানান, সুপরিসর বিমান অবতরণের জন্য রানওয়ে তিন কিলোমিটার বাড়ানো হয়েছে। কয়েকটি নতুন ভবন, নেটওয়ার্ক সিস্টেমের নতুন জিপি স্থাপনসহ রানওয়েতে পর্যাপ্ত বাতি লাগানো ও নিরাপত্তার কাজ শেষ হয়।
বিমানবন্দর ব্যবস্থাপক মান্নান মিয়া বলেন, "সুপরিসর বিমান অবতরণ কোনো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে করা হয়নি। পরীক্ষামূলক ছিল বলে আমরা কেবল সদর দপ্তরের নির্দেশনা বাস্তবায়ন করেছি। তবে বিমানে লন্ডন ও দুবাইয়ের যাত্রী ছিলেন।"
সরাসরি হজ ফ্লাইটের তারিখ অন্তত এক সপ্তাহ এগিয়ে আনার আহবান জানিয়েছেন 'আটাব' (অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ বাংলাদেশ) সিলেটের নেতারা। রোববার আটাবের পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষকে লিখিতভাবে এ ব্যাপারে আহবান জানানো হবে।
আটাব সিলেটের সদস্য সচিব আবদুল জব্বার জলিল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "হজ ফ্লাইটের তারিখ অন্তত এক সপ্তাহ এগিয়ে এনে ২৪ ও ২৫ নভেম্বর করার দাবি করছি আমরা।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৯ ঘ.
bdnews24