সাভার, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভার উপজেলার আশুলিয়া থানা এলাকায় শুক্রবার ও বৃহস্পতিবার রাতে পৃথক গাড়ি চাপায় তিনজন নিহত হয়েছেন।
এরা হলেন, আবদুল কাদের (৬০), ফাতেমা (৯) ও অজ্ঞাতনামা এক যুবক। তাদের বিস্তারিত আর কোন পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে আশুলিয়া থানায় পৃথক ৩টি মামলা হয়েছে। পুলিশ কাউকে আটক করতে পারেনি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন পারভেজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ডিইপিজেডের সামনে বৃহস্পতিবার রাতে গাড়ি চাপায় আবদুল কাদের (৬০) গুরুতর আহত হন। ওই রাতেই গণস্বাস্থ্য নগর কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
তিনি বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে আশুলিয়ার জিরাব এলাকায় রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপায় ফাতেমা নামে এক শিশু নিহত হয়।
এছাড়া শ্রীপুর এলাকায় ওইদিন বিকাল ৫টার দিকে অজ্ঞাতনামা এক (২০) ব্যক্তি গাড়ি চাপায় নিহত হন বলে এসআই শাহীন জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২৪৬ ঘ.
bdnews24