২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার মেয়র আরও তিনদিনের রিমাণ্ডে, চাঁদাবাজি মামলায় জবানবন্দি

খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানকে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় অস্ত্র মামলায় তিনদিনের রিমাণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছে। একই দিন পৃথক পাঁচটি চাঁদাবাজি মামলায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 04:24 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

খুলনা, নভেম্বর ০৮ (বিডি নিউজ) - খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানকে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় অস্ত্র মামলায় তিনদিনের রিমাণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছে। একই দিন পৃথক পাঁচটি চাঁদাবাজি মামলায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানায়, জবানবন্দিতে তিনি চাঁদাবাজিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং এর সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম বলেছেন। অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা শিবু প্রসাদ দাস শেখ তৈয়েবুরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে খুলনা মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের বিরোধিতা করে মেয়রের আইনজীবীরা আদালতকে বলেন, তার শারীরিক অবস্থা ভালো নয়। তাকে রিমান্ডে না নিয়ে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক। পাশাপাশি তার জামিনের আবেদনও করেন আইনজীবীরা। সরকার পক্ষের আইনজীবী রিমান্ড চেয়ে ও জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, মামলার স্বার্থে আসামিকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। যুক্তি তর্ক শেষে আদালত মেয়রের জামিনের আবেদন নাকচ করে দেন। মেয়রের পক্ষে রিমান্ড ও জামিন শুনানিতে অংশ নেন সরদার মো. ইউনুস, গাজী আব্দুল বারী, এমএম মুজিবর রহমান, শেখ মাসুদ হোসেন রনি ও নুরুল হাসান রুবা। সরকার পক্ষে ছিলেন মিনা মিজানুর রহমান একইদিন চাঁদাবাজি মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে বেলা পৌনে ৩ টায় তাকে আদালতে হাজির করা হয়। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আবু শামিম আজাদের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। সন্ধ্যায় খুলনা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, মেয়রের বিরুদ্ধে করা সবগুলো মামলার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি চাঁদাবাজিতে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। উপকমিশনার জানান, মেয়র চাঁদাবাজিতে জড়িত আরও কয়েকজনের নাম বলেছেন। তদন্তের স্বার্থে তাদের নাম এখনই বলা যাবে না। মেয়র শেখ তৈয়েবুর রহমানকে ২ নভেম্বর রাজধানীর গুলশানে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরের দিন শনিবার গভীররাতে খুলনায় তার গগন বাবু রোডের বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় যৌথবাহিনীর সদস্যরা তার বাসা থেকে মদ, অস্ত্র ও টাকা উদ্ধার করে। এ ব্যাপারে মেয়রের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক গোলাম রব্বানী বাদী হয়ে রাতেই অস্ত্র ও মাদক আইনে খুলনা সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৯ ঘ.