২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈধ কাগজপত্রের মাধ্যমেও দেশ থেকে নারী পাচার করা হচ্ছে

বৈধ কাগজপত্রের মাধ্যমে বিদেশে কাজ দেওয়ার নাম করেও অনেক সময় কৌশলে দেশ থেকে নারী পাচার হচ্ছে। বৃহস্পতিবার গুলশান লেডিস কমিউনিটি ক্লাবে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি (বিএনডব্লিওএলএ) আয়োজিত 'মানব পাচার এবং অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে সমাজের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় এ কথা বলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 04:07 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --বৈধ কাগজপত্রের মাধ্যমে বিদেশে কাজ দেওয়ার নাম করেও অনেক সময় কৌশলে দেশ থেকে নারী পাচার হচ্ছে। বৃহস্পতিবার গুলশান লেডিস কমিউনিটি ক্লাবে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি (বিএনডব্লিওএলএ) আয়োজিত 'মানব পাচার এবং অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে সমাজের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় এ কথা বলা হয়। সভায় বলা হয়, নারী ও শিশু পাচার রোধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি নিশ্চিত করতে হবে সামাজিক সুরক্ষা। বিএনডব্লিওএলএ এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী বলেন, "নারীরা দেশের ভেতরে এক জায়গা থেকে অন্য জায়গায় বিক্রি হচ্ছে।" পারিবারিক সহিংসতা ও বৈষম্যের কারণে তারা পাচার হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। গুলশানের বিভিন্ন হোটেলে অনেককেই জোরপূর্বক অনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে মন্তব্য করে বলে সালমা আলী বলেন, কমিউনিটি (স্থানীয় নাগরিক সমাজ) থেকেই এসব বন্ধ করার উদ্যোগ নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবদুর রউফ বলেন, "ইমিগ্রেশনে সব কাগজপত্র পরীক্ষা করার পরও অনেক নারী পাচার হচ্ছে। আমরা ধরতে পারছি না কোনটা পাচার। মেয়েরা দেশের বাইরে কাজ করতে যাচ্ছে। তাদের কাগজপত্র সব বৈধ। কিন্তু বিদেশে নিয়ে তাদের বিক্রি করা হচ্ছে।" সচিব বলেন, উটের জকি হিসাবে যাদের নেয়া হয় তাদের হরমোন থেরাপি দেওয়া হয়। এতে করে ওইসব শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি থেমে যায়। নারী ও শিশু পাচার প্রতিরোধে গঠিত পুলিশ মনিটরিং সেলের এএসপি সাবিহা খানম জানান, ২০০৪ সালের ১৫ জুন থেকে এ পর্যন্ত পাচারের অভিযোগে ৪৭০টি মামলা হয়েছে। ২৮৮টি মামলার নিষ্পত্তি হয়েছে। এতে শাস্তি হয়েছে ১৭৯ জনের। এর মধ্যে ৬টি মামলায় ৮ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। ১২৯ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া পেয়েছে ৪২ জন। সালমা আলীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সেভ দ্যা চিল্ড্রেন সুইডেন-ডেনমার্কের কো-অর্ডিনেটর সেলিনা আহমেদ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের প্রোগ্রাম অফিসার নিশাত চৌধুরী, ইউনিসেফের শাবনাজ জেবিন ও গুলশান লেডিস ক্লাবের সভানেত্রী খালেদা মাহমুদ। সভায় গুলশান ও বাড্ডা এলাকায় পাচার প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে স্থানীয়দের নিয়ে কমিউনিটি কেয়ার কমিটি গঠন করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/আরএ/এসকে/২১৫৯ঘ.