২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সারের দাবিতে ইউএনও কার্যালয় ঘেরাও

সদর উপজেলায় দুই শতাধিক আলু চাষী সারের দাবিতে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছে। কৃষকদের অভিযোগ, এ বছর সারের অভাবে তাদের এলাকায় আলু চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। চাহিদার তুলনায় সারের বরাদ্দ কম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 02:59 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলায় দুই শতাধিক আলু চাষী সারের দাবিতে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছে। কৃষকদের অভিযোগ, এ বছর সারের অভাবে তাদের এলাকায় আলু চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। চাহিদার তুলনায় সারের বরাদ্দ কম। ঘেরাওয়ে অংশ নেওয়া কয়েকজন আলু চাষী সাংবাদিকদের জানান, সদর উপজেলার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদী বেষ্টিত বক্তাবলী ইউনিয়নের কৃষকরা এ বছর আলু চাষে উৎসাহী হওয়ায় সারের চাহিদা আগের তুলনায় কয়েকগুণ বেড়ে গেছে। কিন্তু চাহিদা অনুযায়ী সার বরাদ্দ দেওয়া হয়নি। তারা জানান, ইউনিয়নে আলু চাষীদের টিএসপি সারের চাহিদা প্রায় এক হাজার ৪শ ৬৮ মেট্রিক টন। কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র একশ ৩০ টন। এমওপি সারের চাহিদা সাতশ ৩৪ মে. টন থাকলেও বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৬০ টন। এক জেলার জন্য বরাদ্দ সার অন্য জেলায় বিক্রি নিষিদ্ধ করায় কৃষকরা চাহিদা অনুযায়ী সার সংগ্রহ করতে না পেরে বিপাকে পড়েছেন বলেও তারা জানিয়েছেন। নারায়ণগঞ্জ শহরের পাঁচ নাম্বার ঘাটের বাজার থেকে চাহিদা অনুযায়ী সরাসরি সার কেনার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছে কৃষকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা এহছানে এলাহী তার কার্যালয় ঘেরাওয়ের কথা স্বীকার করে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বক্তাবলী ইউনিয়নে যে পরিমাণ টিএসপি ও এমওপি সার বরাদ্দ দেওয়া হয়েছে তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল।" তিনি জানান, এক জনের পরিবর্তে চার জন ডিলার নিয়োগ করেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। সারের দাবিতে তার কার্যালয় ঘেরাওয়ের বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসককে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, নারায়ণগঞ্জের পাঁচ নাম্বার ঘাট থেকে সরাসরি সার কেনার অনুমতি দেওয়ার এখতিয়ার মন্ত্রণালয়ের। আলু চাষীদের এই দাবি তিনি মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫১ ঘ.