ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বেসরকারি উদ্যোগে হবিগঞ্জের বিবিয়ানায় ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আগ্রহী ছয়টি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাক-যোগ্যতা দরপত্র জমা দিয়েছে। বৃহস্পতিবার শেষ দিনে দরপত্রগুলো জমা পড়ে।
দরপত্রগুলো যাচাই-বাছাই করে যেসব প্রতিষ্ঠানকে যোগ্য বলে ঘোষণা করা হবে কেবল তারাই চূড়ান্ত দরপত্রে অংশ নিতে পারবে।
পাওয়ার সেলের মহাপরিচালক আব্দুল জলিল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ছয়টি প্রতিষ্ঠান বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দরপত্র জমা দিয়েছে।
২০১০ থেকে ২০১১ সালের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট (আইপিপি) এর আওতায় বিদ্যুৎ কেন্দ্রটি 'বিল্ড-ওউন-অপারেট' ভিত্তিতে বাস্তবায়িত হবে। সরকার নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে এ ব্যাপারে বাইশ বছরের ক্রয় চুক্তি স্বাক্ষর করবে।
বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) সরকারের উপদেষ্টা হিসেবে এই প্রকল্পে কাজ করছে।
মন্ত্রণালয়ের উল্লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দরপত্র জমাদানকারী প্রতিষ্ঠানগুলো হলো- কোরিয়া ইলেকট্রিক পাওয়ার করপোরেশন (দ. কোরিয়া), এইএস করপোরেশন (যুক্তরাষ্ট্র), কনসোর্টিয়াম অফ পাওয়ারটেক বেরহাড (মালয়েশিয়া) ও সিমেন্স প্রজেক্ট ভেনচারস জিএমবিএইচ (জার্মানি), ওয়াইটিএল পাওয়ার ইন্টারন্যাশনাল বেরহাড (মালয়েশিয়া) ও কনসোর্টিয়াম অফ সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন (বাংলাদেশ), শেভরন করপোরেশন (যুক্তরাষ্ট্র) এবং জিই এনার্জি এলএলসি (যুক্তরাষ্ট্র)।
দরপত্রগুলো যাচাইয়ের পর পাওয়ার সেল মহাপরিচালকের নেতৃত্বাধীন বাছাই কমিটি রোববার মতামত জানাবে। দুসপ্তাহের মধ্যেই প্রাক-যোগ্যতা ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০০৮ এর প্রথম তিন মাসের মধ্যে চুড়ান্ত দরপত্র আহ্বান করা হতে পারে।
এছাড়া সিরাজগঞ্জে অন্য একটি বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ ডিসেম্বর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এমএসবি/এসকে/২০২৬ঘ.
bdnews24