২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূকম্পন

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বুধবার শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে দুপুর সোয়া একটার দিকে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে কম্পনের সময় ওই অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় বিভিন্ন ভবন থেকে হুড়োহুড়ি করতে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 09:19 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বুধবার শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে দুপুর সোয়া একটার দিকে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে কম্পনের সময় ওই অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় বিভিন্ন ভবন থেকে হুড়োহুড়ি করতে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ফারাহ দিবা বুধবার বিকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টা ১০ মিনিটে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। এর কেন্দ্র ছিল চট্টগ্রাম ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৬৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব দিকে বান্দরবানের রুমা উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায়। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার জানান, রিখটার স্কেলে ৬ থেকে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পকে শক্তিশালী ভূমিকম্প বলে চিহ্নিত করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, ভূমিকম্পে নগরীসহ আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়। লোকজন বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। ওই সময় হুড়োহুড়িতে ১০ জন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. জয়নাল জানিয়েছেন। আহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বায়েজিদ বোস্তামী থানার দুই নম্বর গেট এলাকার হায়দার আলী (৪৫), আগ্রাবাদের চৌমুহনী এলাকার ডেল্টা লাইফ ইন্সুরেন্সের কর্মচারী শাহ আলম (২৬) এবং চট্টগ্রাম কলেজের ছাত্রী সিফাত। এদের মধ্যে হায়দার আলী ও শাহ আলম ভূমিকম্পের সময় বাড়ি থেকে নামতে গিয়ে পড়ে মাথা ফাটিয়ে ফেলেন। অপরদিকে নগরীর জিইসি মোড়ে তড়িঘড়ি করে রিকশা থেকে নামার সময় বাসের ধাক্কায় সিফাতের হাত ভেঙ্গে যায়। বহদ্দারহাট এলাকায় হক সুপার মার্কেট নামে একটি ছয় তলা ভবন হেলে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখফুবার রহমান জানিয়েছেন, তেমন কিছু ঘটেনি। ভূমিকম্পের পর কর্মস্থল ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে অনেকেই তাদের বাসা-বাড়ির খোঁজ খবর নেয়ার জন্য যোগাযোগ করতে দেখা যায়। কোথাও দুর্ঘটনা ঘটেছে কিনা, তা জানতে পত্রিকা অফিসগুলোতেও অসংখ্য ফোন আসতে থাকে। আগ্রাবাদ এলাকার বাসিন্দা কবির হোসেন সুজন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভূমিকম্পের ফলে তাদের ছয় তলা বাসার ছাদে ফাটল দেখা দেয়। বাসার সকল আসবাবপত্র নিজে থেকেই কয়েক সেকেন্ড ধরে নড়তে থাকে। তীব্র ঝাঁকুনিতে বাসার সবাই আতঙ্কগ্রস্ত হয়ে রাস্তায় নেমে আসেন। নগরীর পাহাড় সংলগ্ন ডেবার পাড় এলাকায় বসবাসকারী জাহানারা বেগম বলেন, "ঘর কেঁপে ওঠার পরপরই আমরা বাইরে বেরিয়ে আসি।" তবে ওই এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান। নৌ বাহিনীর ঈশা খা ঘাঁটিতে কর্মরত কর্মকর্তা সেলিম আহমেদ সুমন বলেন, "কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে আমাদের ছয় তলা ডরমিটরি কয়েক দফা কেঁপে ওঠে। আকস্মিক ঝাঁকুনিতে সবাই পুরোপুর হতভম্ব হয়ে পড়ি।" চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও যোগাযোগ বিভাগের শিক্ষক আতিকুর রহমান ক্যাম্পাস থেকে টেলিফোনে জানান, ভূমিকম্পে তাদের চার তলা বাড়িটি বেশ কয়েক সেকেন্ড ধরে কেঁপে ওঠে। ভূমিকম্পের পর সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম বেলা ২টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোথাও কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।" আগ্রাবাদে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকেও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। কক্সবাজার প্রতিনিধি জানান, পুরো জেলাতেই ভূকম্পন অনুভূত হয়। সাগর ও জলাশয়ের পানিতে ঢেউ দেখা দেয়। জেলার কোথায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন ভবনে থাকা লোকজন হুড়োহুড়ি করে রাস্তায় নেমে পড়ে। এ সময় বিল্ডিংয়ে থাকা লোকজন দ্রুত বাইরে নেমে আসেন। জেলার কোথাও তেমন কোন ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। রাঙামাটি প্রতিনিধি জানান, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া না গেলেও আতঙ্কগ্রস্ত মানুষ বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। বান্দরবান প্রতিনিধি জানান, ১০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে পুরো জেলা কেঁপে ওঠে। লোকজন আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসে। অনেককে আজান ও উলুধ্বনি দিতে দেখা যায়। পুকুর-নদীর পানিতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে বান্দরবান প্রেসক্লাব, সোনালী ব্যাংক, সদর থানা ভবনে ফাটল দেখা দিয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নোয়াখালী প্রতিনিধি জানান, দ্বীপ উপজেলা হাতিয়া এবং সদর উপজেলার উপকূলবর্তী সুবর্ণচর ও নিঝুম দ্বীপে ভূকম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে কম্পন শুরু হলে লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে ছুটোছুটি শুরু করে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফেনী প্রতিনিধি জানান, দুপুরে জেলা শহরে ভূমিকম্প অনুভূত হয়। এতে লোকজনের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দিলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/এমআই/১৬৩৮ ঘ.