পিরোজপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পিরোজপুর রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিণ্টুর বাসায় সোমবার রাতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। ওই বাসা থেকে অস্ত্রের পাঁচটি লাইসেন্স উদ্ধার করা হলেও অস্ত্রগুলো পাওয়া যায়নি। তবে পাওয়া গেছে প্রচুর গুলি ও গুলির খোসা।
গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা মিণ্টুকে নিয়েই যৌথবাহিনী ওই অভিযান চালায়। অভিযানের সময় মিন্টুর স্ত্রী নাজমুন নাহারকে গ্রেপ্তার করা হয়।
গুলি উদ্ধারের ঘটনায় মিন্টু দম্পতিতে আসামি করে মঙ্গলবার দুটি মামলা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দে।
গত ১১ সেপ্টেম্বর জরুরি ক্ষমতা বিধিমালায় মিন্টুকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসীদের অস্ত্র ভাড়া দেয়ার অভিযোগ রয়েছে।
ওসি উজ্জ্বল জানান, যৌথবাহিনীর অভিযানে মিণ্টু দম্পতির নামে পাঁচটি অস্ত্রের লাইসেন্স পাওয়া যায়। কিন্তু বাসায় অস্ত্রগুলো পাওয়া যায়নি।
তিনি জানান, পৌর এলাকার রাজারহাটে মিন্টুর বাসা থেকে ৩০ রাউন্ড টু টু বোর রাইফেলের গুলি, ১৬০ রাউন্ড গুলির খোসা, থ্রি টু রিভলবারের ছয়টি গুলির খোসা ও ১৫৫টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। ওই সময় মিণ্টুর নামে চারটি এবং তার স্ত্রীর নামে একটি অস্ত্রের লাইসেন্স জব্দ করা হয়।
বাসায় অভিযানের পর রাইফেলস ক্লাবেও অভিযান চালানো হয় বলে ওসি জানান। ক্লাব থেকে ক্যাশ বই, গুলি বিক্রির রশিদ বইসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/সংবাদদাতা/এমআই/১৯৩১ ঘ.
bdnews24