রাজশাহী, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ধুনট উপজেলার তিন খুনের মামলায় ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে চার জনকে।
রাজশাহীর দ্রুত বিচার আদালতের বিচারক এ কে এম মেসবাহউদ্দৌলা মঙ্গলবার ওই মামলার রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তদের ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকরের নির্দেশ দেয়া হয়।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি ২৪ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো, আব্দুর রশিদ, সাইফুল ইসলাম, জামাল হোসন, রিপন আলী, ওসমান গনি, ওফ্ফার আলী, লাল মিয়া, শফিকুল ইসলাম, আব্দুল মালেক, আশরাফ হোসেন, ফারাইজুল ইসলাম ও বাচ্চু মণ্ডল।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চার আসামি হলো, জাহিদুল ইসলাম, সবের মোল্লা, মহসিন আলী ও বাসের মণ্ডল। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এদের সবার ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাভোগের নির্দেশ দেয়া হয়।
মামলার ৪০ আসামির সবার বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের বড় চাপড়াসহ আশেপাশের বিভিন্ন গ্রামে।
আসামিদের মধ্যে কারাগারে আটক দুই জন এবং জামিনে থাকা ৩৩ জন রায়ের সময় আদালতে হাজির ছিলেন। বাকিরা পলাতক।
২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর রাতে পূর্ব শত্র"তার জের ধরে ধুনটের বড় চাপড়া গ্রামের আব্দুল বাকি প্রামানিক ও তার দুই ছেলে ইয়াসিন ও আব্দুল আজিজকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়।
ঘটনার পরদিন বাকি প্রামানিকের ভাই আব্দুল কাফি প্রামানিক বাদি হয়ে ধুনট থানায় ১৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে ৪০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১২ ঘ.
bdnews24