ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তিন সেনা কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আট উপসচিবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কয়েকজন কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এসব বদলি ও নিয়োগের আদেশ দেয়।
দুর্নীতি দমন কমিশনে পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া তিন সেনা কর্মকর্তা হলেন- মেজর মেসবাহুল ইসলাম, মেজর মোহাম্মদ মাকসুদুর রহমান ও মেজর শাহরিয়ার আহমেদ আমিন।
উপ সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মজিবুর রহমান ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ সচিব এমএ সালামকে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক খলিলুর রহমানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বগুড়া আঞ্চলিক যুব কেন্দ্র স্থাপন; ফেনী, রাজশাহী ও সিলেট যুব প্রশিক্ষণ কেন্দ্রের সংস্কার, মেরামত ও আধুনিকীকরণ (১ম সংশোধিত) প্রকল্পের পরিচালক করা হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) সংযুক্ত ওএসডি উপ সচিব মোস্তাফিজুর রহমানকে একই দপ্তরে উপপরিচালকের (এস্টেট) দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজবাড়ী ও হোমনায় (কুমিল্লা) একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও কাপাসিয়ায় একটি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক মোশাররফ হোসেনকে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা (বাগেরহাট) বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের সুবিধাবলীর অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
বিনিয়োগ বোর্ডের সচিব (উপসচিব) এসএম আবু তাহেরকে ব্যান্সডক এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে এবং সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ সচিব হেলাল উদ্দিনকে বিনিয়োগ বোর্ডের সচিব পদে বদলি বরা হয়েছে। সেইসঙ্গে ব্যান্সডক এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুল ইসলামকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এদিকে সিনিয়র সহকারী সচিব মাহবুবুল ইসলাম ও মো. ফসি উল্লাহকে ডিসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার পদ থেকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।
কক্সবাজার সরকারি মহিলা কলেজের প্রভাষক (ইংরেজি) নঈমা বেগমকে সংস্থাপন মন্ত্রণালয়ের বাংলা ভাষা বাস্তবায়ন কোষের অনুবাদ কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া রংপুর সেনানিবাসের আঞ্চলিক অর্থ নিয়ন্ত্রক (সেনা) মসিহ উল হাসানকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএ/১৯৪০ ঘ.
bdnews24