ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের সংলাপের চিঠি খোন্দকার দেলোয়ারকে দিতে খালেদা জিয়া আহ্বান জানিয়েছেন বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।
রিজভী আহমেদ সোমবার তার শ্যামলীর বাসায় সাংবাদিকদের বলেন, "আইনজীবী শামসুর রহমান শিমুল বিশ্বাস রোববার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি (খালেদা জিয়া) বলেন, খোন্দকার দেলোয়ার হোসেনই বিএনপির বৈধ মহাসচিব। বিএনপির সব কর্মকাণ্ড তার মাধ্যমে পরিচালিত হবে। তাই নির্বাচন কমিশনের চিঠি খোন্দকার দেলোয়ার হোসেনকেই দিতে হবে।"
রিজভী আহমেদ বলেন, "শিমুল বিশ্বাসেরও আজকের এই প্রেস ব্রিফিংয়ে আসার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে তিনি জানিয়েছেন, তিনি এক বিপদের মধ্যে আছেন।"
দেলোয়ারপন্থী এ নেতা আরো বলেন, "সাইফুর রহমান ও হাফিজ উদ্দিনের কমিটির বিষয়ে দলীয় চেয়ারপারসন আইনজীবীর কাছে স্পষ্টভাষায় বলেছেন, এর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।"
বিএনপিকে খণ্ড-বিখণ্ড করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে রিজভী আহমেদ বলেন, "মহল বিশেষের এই ষড়যন্ত্রে বিএনপির কোনো ক্ষতি হবে না। যতো চাপই আসুক খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী এই দলের প্রসার রোধ করা যাবে না।"
বিএনপির মূলধারার প্রতিনিধিত্বকারী হিসেবে খোন্দকার দেলোয়ার হোসেনকেই নির্বাচন কমিশন সংলাপের চিঠি দেবে বলে রিজভী আহমেদ আশা প্রকাশ করেন।
৭ নভেম্বর দলীয়ভাবে কর্মসূচি গ্রহণ করা হয়েছে জানিয়ে রিজভী আহমেদ বলেন, "অন্য যারা কর্মসূচি গ্রহণ করেছে তারা বিএনপির কেউ নয়। পরিবেশ ঠিক থাকলে জনস্রোতে তাদের উপস্থিতি ভেসে যাবে।"
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অ্যাডভোকেট নাজমূল আলম, সাবেক মহিলা সাংসদ সুলতানা আহমেদ, বিএনপি নেতা মহিউদ্দিন খান মোহন, দেলোয়ার হোসেন, সামসুজ্জামান মেহেদী, এস এম আশরাফুর রহমান ও মনির হোসেন রিজভী আহমেদের সঙ্গে ছিলেন।
সংলাপের চিঠি পাবার বৈধতা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রেশারেশি চলছে। এনিয়ে হাইকোর্টে রোববার একটি রিট আবেদনও হয়েছে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আইন, রীতি ও গঠনতন্ত্র অনুযায়ী বিএনপি প্রতিনিধিদের আলোচনায় ডাকার নির্দেশ কেন দেয়া হবে না নির্বাচন কমিশন ও সরকারকে এর কারণ জানাতে রুল জারি করে দুই সপ্তাহের মধ্যে তার জবাব দিতে বলেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/জিএনএ/১৩২০ ঘ.
bdnews24