ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরী ও ফরিদপুরের মধুখালী উপজেলায় দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, নগরীর জিইসি মোড় এলাকা থেকে রোববার রাতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জয়নাল জানান, রাত ১২টার দিকে কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক শ্রীধাম অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে জানান, ওই ব্যক্তি মারা গেছেন।
নিহত ব্যক্তির শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশ কর্মকর্তা জয়নাল জানান।
ফরিদপুর প্রতিনিধি জানান, মধুখালী উপজেলা সদরের ফরিদপুর চিনিকল সড়কে রোববার রাতে মোহাম্মদ আলী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার দেহে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, আলী উপজেলা সদরের রেলগেট এলাকায় সাইকেল মেকানিকের কাজ করত। দোকান বন্ধ করে বাড়ি যাবার রোববার রাতে সন্ত্রাসীরা তাকে হত্যা করে।
আলীর বাড়ি গাজনা ইউনিয়নের দেউল মথুরাপুর গ্রামে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই শামসুর রহমান রোববার রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে ওসি জানান। মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।
লাশ ময়নাতদন্তের জন্য সোমবার ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১২২৫ ঘ.
bdnews24