২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় মোফাজ্জল হোসেন মায়ার সম্পদ জব্দের নির্দেশ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ তার পরিবারের পাঁচজনের অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 11:40 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ তার পরিবারের পাঁচজনের অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক রোববার দুপুরে এ আদেশ দেন। গত ১৩ জুন সুত্রাপুর থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নুরুল আলম মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রতিমন্ত্রী থাকার সময় অভিযুক্তরা পরস্পর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত উৎস থেকে ৫ কোটি ৮ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ অর্জন এবং ৬ কোটি ২৯ লাখ ২৩ হাজার ৪১৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। দুদকের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম গত ২৫ অক্টোবর এ মামলায় মায়া, তার স্ত্রী পারভীন চৌধুরী, ছেলে সাজেদুল হোসেন চৌধুরী, রাশেদুল হোসেন চৌধুরী ও সাজেদুলের স্ত্রী সুবর্ণা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মায়ার আরেক ছেলে রিফাত সাঈদ চৌধুরী এবং রাশেদুলের স্ত্রী ফারহানা চৌধুরীকে বাদ দেওয়া হয়। এরপর ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক ২৯ অক্টোবর পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/পিসি/এসএনডি/