২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দাম কমাতে না পারলে বেতন বাড়াক'

রিক্সায় করে নিউমার্কেটে বাজার করতে এসেছেন সরকারি কর্মচারি মোতালেব হোসেন। আজিমপুর ছাপড়া মসজিদের কাছ থেকে বছর খানেক আগে এ বাজারে আসতে রিক্সাভাড়া ছিল ৭-৮টাকা। এখন ১০ টাকায়ও আসতে চায় না। ১২ টাকা ভাড়া দিয়ে তিনি এসেছেন বাজার করতে। দরকষাকষি করলে রিক্সাওয়ালা যুক্তি দেখান চাল-ডালের দাম বেড়েছে। এ যুক্তির জ্বলজ্যান্ত প্রমাণ মোতালেব হোসেন নিজেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 11:27 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রিক্সায় করে নিউমার্কেটে বাজার করতে এসেছেন সরকারি কর্মচারি মোতালেব হোসেন। আজিমপুর ছাপড়া মসজিদের কাছ থেকে বছর খানেক আগে এ বাজারে আসতে রিক্সাভাড়া ছিল ৭-৮টাকা। এখন ১০ টাকায়ও আসতে চায় না। ১২ টাকা ভাড়া দিয়ে তিনি এসেছেন বাজার করতে। দরকষাকষি করলে রিক্সাওয়ালা যুক্তি দেখান চাল-ডালের দাম বেড়েছে। এ যুক্তির জ্বলজ্যান্ত প্রমাণ মোতালেব হোসেন নিজেই। নিউমার্কেট কাঁচা বাজারের সামনে রাস্তায় নেমে ব্যাগ হাতে প্রথমেই যান মুদি দোকানে। এখানেই কথা হয় তার সঙ্গে। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কেমন সমস্যার মুখোমুখি হচ্ছেন জানতে চাইলে তিনি শুরু করেন রিক্সাভাড়ার কাহিনী দিয়ে। বলেন, " চাল-ডালের দাম বাড়লে রিক্সাভাড়া বেড়ে যায়। গাড়ি ভাড়াও বাড়ে। কিন্তু আমার বেতন তো বাড়ে না। সবকিছুর বাড়তি দাম দিতে হবে আমাকে। সব জায়গায় আমি বাড়তি টাকা দিমু। আমারে দিব কে ?" প্রশ্ন করে আবার বলে চলেন, "৮ টাকার রিক্সাভাড়া ১২ টাকা হলে শতকরা কতভাগ বাড়লো। আটার দাম একলাফে দ্বিগুণ হইলো। বাজারে আইসা প্রত্যেক দিন দেখি কোনো না কোনো জিনিসের দাম বাড়ছেই। হয় দাম কমাইতে হবে না হয় বেতন বাড়াইতে হবে।" একটু থেমে আবার বলে ওঠেন, "না খাইয়া চাকরি করব নাকি। সেই জন্যই তো সরকারি চাকরিতে কেউ আসতে চায় না। বেসরকারি চাকরি যারা করে তারা অনেক ভালো আছে। বছর বছর বেতন বাড়ে না হয় প্রমোশন হয়। সবাই গালি দেয় সরকারি লোকেরা অযোগ্য। যারা যোগ্য তারা ভালোই থাকে। ভালো যে আছিল সেইটা তো বাইর হইলো। আজকেও পত্রিকায় লিখছে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ড্রাইভারের কত বড় বাড়ি, বাড়ির ছবিও ছাপাইছে।" সরকারি এই কর্মচারির বেতন বেড়েছে এক বছরে ৩৭৫ টাকা। সরকারি সংস্থা বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের হিসেবে দেখা যায়, এক বছরে চালের দাম ৩৩ ভাগ, আটার দাম ৬৩ ভাগ, সয়াবিন তেলের দাম ৬২ ভাগ, মশুর ডালের দাম ১৯ ভাগ, পেঁয়াজের দাম ১৭৮ ভাগ, গুড়ো দুধের দাম ৪৯ ভাগ বেড়েছে। মাংসের দামও বেড়েছে। তবে মাছের দাম গত বছরের একই সময়ের চেয়ে কিছুটা কম। রসুন ও চিনির দামও কম। ওই পর্যন্ত বেড়েই থেমে নেই বাড়ার গতি। এক সপ্তাহের ব্যবধানে সয়াবিন, গুঁড়োদুধ, চিনি ও মশুর ডালের দাম বেড়েছে। আটার দাম ৩৮ টাকায় স্থির রয়েছে। ৬০ টাকা কেজি পেঁয়াজের দাম কেজিতে দুই টাকা কম হওয়ার পরও গত বছরের একই সময়ের তুলনায় দাম এখন ১৭৮ ভাগ বেশি। সয়াবিন তেলের দাম প্রতি কেজি ৯০ টাকা হয়েছে। গত সপ্তাহে ছিল ৮৫ টাকা। চিনির দাম ২৯ টাকা থেকে বেড়ে ৩২ টাকা হয়েছে। গুঁড়ো দুধের দাম কেজিতে ১০ থেকে ২৫ টাকা বেড়ে ৪৪৫ থেকে ৪৬০ টাকায় বিক্রি হচ্ছে। চট্টগ্রামের বাজারে পেঁয়াজ নিয়ে ক্রেতাদের হতাশা কিছুটা কমলেও সয়াবিন তেল ও গুঁড়ো দুধের দাম মেটাতে গিয়ে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। প্রতি সপ্তাহেই তেল ও দুধের দাম বাড়ছেই। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে তেল ও দুধের দাম বেড়েছে আরেক দফা। নিষেধাজ্ঞা শেষে জেলেরা আবার সাগরে মাছ ধরা শুরু করলেও ইলিশের দাম কমেনি। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কাঁচাবাজারগুলোতে শাক-সবজির দাম কমেছে। গত সপ্তাহে চাল ও আটার দাম একদফা বাড়ার পর এ সপ্তাহে পাইকারী ও খুচরা উভয় বাজারে চাল ও আটার দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। শুক্রবার সকালে নগরীর পাইকারী ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে সয়াবিন তেলের পাশাপাশি গুঁেড়াদুধের মূল্য আরেক দফা বেড়ে বিক্রি হচ্ছে যথাক্রমে কেজিতে ৯০ টাকা ও ৪৬০ টাকায়। গত সপ্তাহে খোলা তেল ৮৪ টাকায় এবং প্যাকেট জাত গুঁড়ো দুধ কোম্পানি ভেদে ৪৪০ থেকে ৪৪৫ টাকায় বিক্রি হয়। এছাড়া, বিভিন্ন্ প্রতিষ্ঠানের ৫ লিটারের জারের সয়াবিন তেল ৫ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৪২৫ থেকে ৪৩০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে নগরীর খুচরা দোকানগুলোতে প্রতি কেজি প্যাকেট দুধ 'ডানো' ১৫ টাকা বেড়ে ৪৪৫ টাকায়, 'মার্কস' ২০ টাকা বেড়ে ৪৬০ টাকায়, 'ডিপ্লোমা' ২৫ টাকা বৃদ্ধি পেয়ে ৪৬৫ টাকায় বিক্রি হচ্ছে। রিয়াজুদ্দিন বাজারের মুদির দোকানদার কামাল মিয়া জানান, বাজারে দুধ ও তেলের সরবরাহ কম থাকায় দাম বাড়তি। আগামী দুই-তিন সপ্তাহের আগে দাম কমার কোন সম্ভাবনা নেই। অনেকে অভিযোগ করেছেন, ডিলাররা সরবরাহ কমিয়ে দেয়ায় বাজার ভেদে খুচরা দোকানদাররা নিজেদের ইচ্ছেমত দাম নিচ্ছেন। ঈদের পরও তেল ও দুধের ক্রমাগত দাম বৃদ্ধি নিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের কাছে ক্ষোভ ব্যক্ত করেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সুব্রত ধর মিঠু। তিনি জানান, সরকারের এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। নগরীর রিয়াজুদ্দিন, কাজীর দেউরী ও চক বাজারের খুচরা দোকানগুলোতে প্রতি কেজি পেয়াঁজ ৫০ থেকে ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে। অপরদিকে খাতুনগঞ্জের আড়তদাররা প্রতি কেজি পেয়াঁজ ভাল/খারাপ ভেদে ৪৮/৪৯ টাকায় বিক্রি করছেন। উভয় বাজারে গত সপ্তাহের তুলনায় দাম কমেছে ৪/৫ টাকা। খাতুনগঞ্জের পেয়াঁজের আড়তদার মোহাম্মদ আইয়ুব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চার-পাঁচদিনের ব্যবধানে দাম আরও কমে আসবে। আমদানি বাড়ায় দাম কমছে বলে তিনি জানান। তেল, দুধের দাম বাড়লেও এ সপ্তাহে নতুন করে চাল ও আটার দাম বাড়েনি। গত সপ্তাহে চাল ভেদে ৫ থেকে ২টা বৃদ্ধির পর শুক্রবার খুচরা দোকানগুলোতে আর নতুন করে দাম বাড়েনি। এখন এক নম্বর পাইজাম ২৭ টাকায়, বেতি ২৫ টাকায়, কাটারিভোগ ৫২ টাকা এবং আধা সিদ্ধ ২৫ থেকে ২৭ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সর্বনিম্ন মানের মোটা ইরি চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২ টাকায়। প্রতি কেজি প্যাকেটজাত আটা কোম্পানিভেদে ৩৬ থেকে ৩৮ টাকায় এবং ময়দা বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়। দশ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা আবার ইলিশ ধরার জন্য সাগরে ও নদীতে নেমেছেন। এতে করে বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও দাম আগের মতোই রয়ে গেছে। ফিশারিঘাটের পাইকারী মাছ ব্যবসায়ীরা মো. জয়নাল জানান, কয়েকদিন ধরে মাঝারি সাইজের ইলিশ ধরা পড়ছে বেশি এবং বড় মাছের সংখ্যা কমে গেছে। ইলিশ ধরার মৌসুম প্রায় শেষ বলে দাম কমার আর কোন সম্ভাবনা নেই বলে তিনি মন্তব্য করেন। জয়নাল ও অপর আড়তদাররা জানান, এক কেজি মাপের ইলিশ ১৫০ থেকে ১৬০ টাকায় পাইকারী বিক্রি হয়েছে। আর বড় ইলিশ প্রতি কেজি ২২০-২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফিশারি ঘাটের একই ওজনের ইলিশের (বড়) দাম খুচরা বাজারে ৩৫ থেকে ৪০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। নগরীর কাঁচাবাজারগুলোতে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, এ কারণে দাম কমেছে উল্লেখযোগ্য হারে। শুক্রবার নগরীর রিয়াজুদ্দিন বাজার ও কাজির দেউড়ী বাজারে নতুন আসা ফুলকপি প্রতি কেজি ৩৫ টাকা, বাঁধাকপি ২৫ টাকা, সিম ৫০ টাকা, টমেটো ৫০ টাকা, মুলা ২০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া আলু প্রতি কেজি ২২ টাকা, করলা ২৮ টাকা, ঢেঁড়শ ৩২ টাকা, ঝিঙা ৩০ টাকা, পটল ৩০ টাকা, পেঁপে ১২ টাকায় বিক্রি হয়েছে। বাজার নিয়ন্ত্রণে নিয়োজিত বিডিআর কর্মকর্তা কর্নেল আবদুল হালিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " রোজার মাসে সরকারের ইচ্ছায় একশ দোকান চালু করা হয়েছিল। এরপর সরকার চাইলে আবার করা হবে। এজন্য সরকারের নির্দেশনা প্রয়োজন।" দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠৈকাতে বাস্তবায়ন যোগ্য সরকারের কাছে কোনো সুর্নিদিষ্ট প্রস্তাবনা নেই বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। সাংবাদিকরা বাজার নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা উল্টো সাংবাদিকদের কাছে পরামর্শ চান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, " আমদানি নির্ভর ছোট দেশে পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে সঙ্গে ওঠানামা করে। এখানে মূল্যস্ফিতির মূল কারণ আমদানি নির্ভরতা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এমসি