ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেরপুর ও পটুয়াখালী জেলায় বৃহস্পতিবার রাতে আগুনে আটটি দোকান পুড়েছে। এর মধ্যে পটুয়াখালীর রাখাইন পল্লীর একটি দোকান পুড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ এসেছে। শেরপুরে সাতটি দোকান পুড়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর পটুয়াখালী প্রতিনিধি জানান, কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের হাড়িপাড়া রাখাইন পল্লীর একটি দোকান বৃহস্পতিবার রাতে পুড়ে যায়।
রাখাইন পল্লীর বাসিন্দারা অভিযোগ করেন, এক দল দুর্বৃত্ত রাত ১২টার দিকে দোকানটিতে আগুন দিয়েই পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে দোকানটি মালামাল সহ সম্পূর্ণ ভস্মীভূত হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হিরণ কাজী জানান, রাখাইন পল্লীতে দোকানে আগুন দেয়ার অভিযোগ পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদারদের ঘটনাস্থলে পাঠিনো হয়েছে। তিনি নিজেও সেখানে যাবেন।
অভিযোগ সত্য হলে এ ঘটনায় মামলা হবে বলে ইউপি চেয়ারম্যান জানান।
শেরপুর প্রতিনিধি জানান, নকলা উপজেলার বারমাইস্যা বাজারে বৃহস্পতিবার রাতে আগুনে সাতটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
পুলিশ ও দমকল বাহিনী জানায়, রাত সাড়ে ৯টার দিকে বারমাইস্যা বাজারের নাজিম উদ্দিনের মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ছয়টি দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪১ ঘ.
bdnews24