২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির বিষয়েও ব্যবস্থা নেবে ইউজিসি

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতির বিষয়েও ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2007, 10:00 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতির বিষয়েও ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম এ কথা জানান। তিনি বলেন, "শিক্ষার মান নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বদ্ধপরিকর। যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি হচ্ছে ইউজিসি সেগুলোর বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে এবং অচিরেই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।" সিপাহী বিদ্রোহের দেড়শ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, সিপাহী বিদ্রোহ আমাদের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এর ইতিবাচক দিকগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সিপাহী বিদ্রোহ এ ভূখণ্ডের মানুষকে অধিকার আদায়ের সংগ্রামে প্রেরণা যুগিয়েছে বলে মন্তব্য করেন তিনি। সেমিনারের তিনটি সেশনে বাংলাদেশ ও ভারতের ১৪ জন প্রবন্ধকার ও অধ্যাপক ইতিহাস বিষয়ক ১৪টি প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে কোনো সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। দায়িত্ব পালনে সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে সাংবাদিকরা অভিযোগ করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৮ ঘ.