ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দ্রুত নিষ্পত্তির জন্য মাদক আইনে দায়ের মামলা দ্রুত বিচার আদালতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
একই সঙ্গে মামলা সংক্রান্ত বিষয় নিবিড় পর্যবেক্ষণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালকের (অপারেশন) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ১৫ দিন অন্তর সভা পরে সিদ্ধান্ত নেবে ও সেটা সুপারিশ আকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করবে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাদকদ্রব্য পাচার ও ব্যবহার রোধ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বরাষ্ট্র সচিব আবদুল করিম সাংবাদিকদের জানান, মাদক চোরাচালান ও ব্যবহার রোধে দায়িত্বপ্রাপ্ত সংস্থা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জনবল ও অন্যান্য সরঞ্জামাদির সংকটের কারণে দীর্ঘদিন ধরে অকার্যকর। তাই অধিদপ্তর ও এর অধীন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে সভায় মাদক চোরাচালান ও এর ব্যবহার রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ আবদুর রশিদ, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালকসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/এমএইচবি/০০০৬ ঘ.
bdnews24