২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু

দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার চারজন নিহত হয়েছে। টাঙ্গাইলে ট্রাকলরির চাপায় মারা গেছেন এক সেনাসদস্য। এছাড়া বাগেরহাটে বাসের সঙ্গে সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী, জামালপুরে বাসের চাপায় এক ভিক্ষুক এবং নেত্রকোনায় মোটর সাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 05:50 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার চারজন নিহত হয়েছে। টাঙ্গাইলে ট্রাকলরির চাপায় মারা গেছেন এক সেনাসদস্য। এছাড়া বাগেরহাটে বাসের সঙ্গে সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী, জামালপুরে বাসের চাপায় এক ভিক্ষুক এবং নেত্রকোনায় মোটর সাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘাটাইল বাস স্ট্যান্ডে ট্রাকলরির চাপায় ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের সার্জেন্ট শহীদুজ্জামান (৪০) নিহত হন। তার বাড়ি কালিহাতী উপজেলার হিজলী গ্রামে। ঘাটাইল থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, শহীদুজ্জামান মোটর সাইকেলে করে রেশন তুলতে যাওয়ার সময় জামালপুরগামী একটি ট্রাকলরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকলরির হেলপার জয়লালকে আটক করেছে বলে তিনি জানান। বাগেরহাট প্রতিনিধি জানান, ফকিরহাট উপজেলার বাগেরহাট-মংলা মহাসড়কের কাঁটাখালী মসজিদের কাছে বৃহস্পতিবার দুপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জ্যাকব সরকার আনন্দ (৪০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। ফকিরহাট থানার উপ-পরিদর্শক মো. আব্দুল মোতালেব জানান, নিহতের ড্রাইভিং লাইসেন্স থেকে জানা গেছে তিনি খুলনা শহরের শশীভূষণ রোডের রেভারেন্ড স্টুয়ার্ড স্মরণ সরকারের ছেলে। পুলিশ বাসটি আটক করেছে। চালক পলাতক। লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। জামালপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকালে জামালপুর-টাঙ্গাইল সড়কের জামতলীতে একটি যাত্রীবাহী বাসের চাপায় কিতাব আলী নামের এক ভিক্ষুক নিহত হয়েছেন। নারায়ণপুর তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা পরিমল চন্দ্র জানান, ঘটনার পর বাসটি পালিয়ে যায়। নিহতের বাড়ি সদর উপজেলার পিণ্ডারহাটি গ্রামে। নেত্রকোনা প্রতিনিধি জানান, মোহনগঞ্জ-নেত্রকোনা সড়কের বাংলা নামক স্থানে বৃহস্পতিবার সকালে রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলের ধাক্কায় দুলাল বিশ্বাস (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার বর্ণী গ্রামে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান জানান, পুলিশ দুলাল বিশ্বাসের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এনএনডি/জেকে/২৩৫০ ঘ.