ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত সন্দেহে আটক সঙ্গীত শিল্পী জান্নাত আরা পুষ্পিতাকে ছেড়ে দিয়েছে র্যাব। ইয়াবা ব্যবসা বা তার বড় বোন সন্দেহভাজন জান্নাতুল ফেরদৌস নিকির সঙ্গে কোন সম্পৃক্ততা খুঁজে না পাওয়ায় বৃহস্পতিবার রাতে ছেড়ে দেওয়া হয়। এর আগে তাকে ইয়াবা ব্যবসার অভিযোগে গ্রেপ্তার আমিন হুদার মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়।
বৃহস্পতিবার ভোরে গুলশানের বাসা থেকে পুষ্পিতাকে আটক করেছিল র্যাব।
র্যাব-৩ এর অধিনায়ক সুলতান মোহাম্মদ নূরানী বিডিনিউজ টুয়েন্টিফোরকে রাত ১০টায় ফোনে বলেন, "আমিন হুদার সঙ্গে পুষ্পিতাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইয়াবা ব্যবসা সঙ্গে তার কোন সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি। এর আগে জিজ্ঞাসাবাদে পুষ্পিতার সঙ্গে তার বড় বোন সন্দেহভাজন ইয়াবা ব্যবসায়ী নিকির সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে।"
বৃহস্পতিবার দুপুরে টিকাটুলিতে র্যাব-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৩ অধিনায়ক উইং কমান্ডার সুলতান মোহাম্মদ নূরানী জানান, বুধবার সন্ধ্যার পরপরই একটি বেসরকারি টিভি চ্যানেলের পরিচালক এম এইচ এন বুলুর গুলশান ২ এর ২৪ নম্বর সড়কের ১১ নম্বর বাড়িটি র্যাব সদস্যরা ঘিরে ফেলে। এ সময় বুলু ও তার স্ত্রী জান্নাত আরা পুস্পিতা বাসায়ই ছিলেন।
র্যাব অধিনায়ক বলেন, "বুলুর বাড়িতে মডেল জান্নাতুল ফেরদৌস ওরফে নিকি লুকিয়ে থাকতে পারে অথবা সেখানে ইয়াবার মজুদ পাওয়া যেতে পারে বলে আমরা ধারণা করেছিলাম। কিন্তু সারা রাত ধরে পুরো বাড়ি তন্নতন্ন করে তল্লাশি চালিয়ে সেখানে অবৈধ কিছু পাওয়া যায়নি। বাড়িতে বুলুর একটি ব্যক্তিগত বার থাকলেও সেখানে কোন মদ পাওয়া যায়নি।"
কমান্ডার নূরানী জানান, অভিযান শেষে পুস্পিতাকে র্যাব-৩ কার্যালয়ে নিয়ে আসার সময় সামাজিক অবস্থানগত কারণে এমএইচএন বুলুকেও সঙ্গে আনা হয়। তবে তাকে আটক করা হয়নি।
সংবাদ সম্মেলনে এমএইচএন বুলুর সঙ্গে পুস্পিতার বিয়ের কাবিননামার মূল কপি দেখিয়ে সুলতান মোহাম্মদ নূরানী বলেন, "চলতি বছরের ২৬ মার্চ উত্তরা ৪ নাম্বার সেক্টরের 'সীলেম পার্টি প্যালেস' নামে একটি কমিউনিটি সেন্টারে বুলুর সঙ্গে পুস্পিতার বিয়ে হয়। ১০ লাখ এক টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়, এর মধ্যে পুরো টাকাই বাকি।"
কমান্ডার নূরানী বলেন, "পুস্পিতা ঘটনার শিকার বলে আমরা ধারণা করছি। ধানমন্ডিতে মাহবুবুর রহমান জয়নালের বাড়িতে বড় বোন নিকির সঙ্গে পুস্পিতার বেশ কয়েকটি পোট্রেট ছবি পাওয়া যায়। ওই ছবি দেখে ধারণা করা হয়েছিলো নিকির সঙ্গে পুস্পিতার ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। কিন্তু তদন্ত করে আমরা পুস্পিতার চালচলনে কোন উচ্ছৃংখলতা পাইনি। এছাড়া বেশ কিছুদিন থেকে নিকির সঙ্গে পুস্পিতার কোন যোগাযোগ নেই।"
তিনি আরো জানান, "এর আগে বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা তৈরীর সরঞ্জামসহ গ্রেপ্তার করা ব্যবসায়ী আমিন হুদা জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার সঙ্গে নিকি ও পুষ্পিতার জড়িত থাকার কথা জানায়। এ কারণে পুস্পিতাকে সন্ধ্যার পর র্যাব-১ কার্যালয়ে আমিন হুদার মুখোমুখি করা হবে। এরপরই পুস্পিতাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।"
এক প্রশ্নের জবাবে র্যাব অধিনায়ক জানান, মাহবুবুর রহমান জয়নালের ধানমন্ডির বাড়ি থেকে উদ্ধার করা তিনটি আগ্নেয়াস্ত্রেরই লাইসেন্স পাওয়া গেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে কোন মামলা হবে না। তবে বিপুল পরিমাণ মদ এবং বৈদেশিক মুদ্রা রাখার দায়ে পৃথক দুটি মামলা করা হবে। এছাড়া এনবিআর পৃথক আরেকটি মামলা দায়ের করতে পারে।
র্যাব অধিনায়ক বলেন, "জয়নালের বাড়ি থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ সোনা ও হীরার তথ্য গত বছর জমা দেওয়া তার আয়কর রিটার্নে উল্লেখ নেই। চোরাচালানের মাধ্যমে তিনি অবৈধপথে বিদেশ থেকে এসব অলংকার এনেছেন বলে আমরা ধারণা করছি। স
bdnews24