ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে জাতীয় পার্টি (এরশাদ) বৃহস্পতিবার স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা ধর্মভিত্তিক রাজনীতিও নিষিদ্ধ করার দাবি করেছে।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা এ বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন, "সংলাপে অনেক স্পর্শকাতর বিষয় আসছে। এগুলো রাজনৈতিক বিষয়। এ বিষয়ে আমাদের কিছুই করার নেই।" (আরও তথ্যসহ)
নির্বাচনী সংস্কার আইন নিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পার্টির (এরশাদ) সঙ্গে অনুষ্ঠিত সংলাপে দলের পক্ষ থেকে উপরোক্ত দাবি করা হয়। আর সিইসি ইতিপূর্বে বিভিন্ন দলের পক্ষ থেকে তোলা একই দাবির প্রসঙ্গে তার স্বাগত বক্তব্যে ওই কথা বলেন।
সিইসি বলেন, দেশের রাজনীতি সঠিক না হলে উন্নয়ন হবেনা। রাজনৈতিক দলগুলো দলের চেয়ে দেশের স্বার্থকে বেশি প্রাধান্য দেবে বলে তিনি আশা প্রকাশ করেন ।
তিনি বলেন, "অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই।"
জাতীয় পার্টির (এরশাদ) ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি তার প্রস্তাবে নির্বাচনে ধর্মভিত্তিক, স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের অযোগ্য ঘোষণা, পেশিশক্তি ও কালো টাকা মুক্ত নির্বাচন, নির্বাচনী ব্যয় পাঁচ লাখ টাকার মধ্যে সীমিত রাখা, নারী ও যুব সংগঠন বাদে রাজনৈতিক দলের পেশাজীবী সংগঠন নিষিদ্ধ ঘোষণা, ভোটের সময় স্টিলের ব্যালট বাক্স ব্যবহার করাসহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন।
জাতীয় পার্টি নেতা একই সঙ্গে নির্বাচনী আইনগুলো যথাযথভাবে প্রয়োগ করার ওপরেও গুরুত্ব আরোপ করেন।
মহাসচিব রুহুল আমিন হাওলাদার দলের পক্ষে বেশ কিছু লিখিত প্রস্তাব উত্থাপন করেন।
সংলাপে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম শাখাওয়াত হোসেনসহ কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা।
সংলাপ শেষে আনিসুল ইসলাম মাহমুদ এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, "আমরা সংবিধানে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছি ঠিকই; কিন্তু এর মানে এই নয়, আমরা ধর্মভিত্তিক রাজনীতির কথা বলেছি।"
তিনি সংবিধান উদ্ধৃত করে বলেন, "নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি, সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী ধর্মভিত্তিক ও স্বাধীনতাবিরোধী - যুদ্ধাপরাধীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে, সে ব্যবস্থা করতে। তবে আমরা নির্দিষ্টভাবে কোনো দলের নাম বলিনি।"
নির্বাচনী আইন সংস্কার নিয়ে গত ১২ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে।
এতে জামায়াতে ইসলাম ও ইসলামী ঐক্য জোট বাদে এ পর্যন্ত কৃষক শ্রমিক জনতা লীগ, গণতন্ত্রী পার্টি, জাতীয় পার্টি (মঞ্জু), জাসদ (ইনু), জাসদ (রব) এবং সর্বশেষ জাতীয় পার্টি (এরশাদ) -- এই ছয়টি দল ধর্মভিত্তিক রাজনীতি ও স্বাধীনতা বিরোধী - যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রশ্নে একই রকম দাবি জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর/বিআর/এফএফ/এসকে/১৬০১ঘ..
bdnews24