ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বহুল আলোচিত মাসদার হোসেন মামলায় উচ্চ আদালত নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার জন্য যুগান্তকারী রায়টি দেন। অথচ মামলাটি করা হয়েছিল মূলতঃ প্রশাসনসহ অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে বিচার বিভাগের কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার বৈষম্য চ্যালেঞ্জ করে। তবে মাসদার হোসেনসহ চার শতাধিক বিচারকের দায়ের করা এ রিট মামলার অন্যান্য দাবির মধ্যে প্রশাসন থেকে বিচার বিভাগকে পৃথক করার দাবিটিও ছিল।
১৯৯৪ সালের ৮ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে অধস্তন আদালতে কর্তব্যরত সাবজজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা ও দায়রা জজদের জন্য বর্ধিত বেতনসহ স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা করা হয়।
অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা এতে ক্ষুদ্ধ হন। তাদের প্রতিবাদের মুখে ১৯৯৪ সালের ২৮ ফেব্র"য়ারি সরকার 'শর্তযুক্ত কারণ' উল্লেখ করে আরেকটি আদেশের মাধ্যমে বিচারকদের বর্ধিত বেতন কাঠামো সংবলিত সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করে।
১৯৯৫ সালের ২ নভেম্বর সরকার অপর এক আদেশে ওই বর্ধিত সুবিধা বহাল রেখে সঙ্গে কিছু শর্ত জুড়ে দেয়। পক্ষান্তরে অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদেরও আর্থিক সুবিধা বাড়িয়ে দেওয়া হয়। এতে বিচার বিভাগীয় কর্মকর্তারা ক্ষুব্ধ হন।
এরই পরিপ্রেক্ষিতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের পক্ষে তাদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের তৎকালীন সাধারণ সম্পাদক মাসদার হোসেনসহ ৪৪১ জন কর্মকর্তা বাদি হয়ে ১৯৯৫ সালের শেষ দিকে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। মামলায় তারা ১৯৯৫ সালের ২ নভেম্বরের আদেশ বাতিল ও ১৯৯৪ সালের ৮ জানুয়ারির আদেশ বহাল রাখার দাবি জানান।
মামলায় প্রতিপক্ষ করা হয় সরকারের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে। তারা হলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, সংস্থাপন সচিব, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) এবং বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল।
মামলাটিতে মূলত আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে শর্তারোপ ও অন্যান্য ক্যাডারের সঙ্গে বেতন বৈষম্যের বিষয়টি সংবিধান -পরিপন্থী ও বেআইনী ঘোষণার দাবি জানানো হয়।
তবে বিচার বিভাগীয় কর্মকর্তারা তাদের রিট আবেদনে আরও কয়েকটি দাবি উত্থাপন করেন। তারা বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য আদালতের নির্দেশনা দাবি করেন।
এছাড়া আবেদনে পৃথক সার্ভিস কমিশন, বর্ধিত বেতন, পৃথক বিশেষ বাসস্থান ও যানবাহনসহ অন্যান্য বর্ধিত সুবিধা দাবি করা হয়।
মামলার আবেদনে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় কর্মকর্তাদের হয়রানির অভিযোগ করা হয়। রিট আবেদনের বিভিন্ন পর্যায়ে নির্বাহী বিভাগের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করা হয়।
রিট আবেদনটিতে হাইকোর্ট বিভাগে সরকারের পক্ষ থেকে কোন প্রতিদ্বন্দ্বিতা করা হয়নি। তৎকালীন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কে এস নবী রিটকারীদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে পরামর্শ দিয়েছিলেন।
হাইকোর্টে রিটকারী পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার আমীর উল ইসলাম, ড. কামাল হোসেন ও ব্যারিস্টার সৈয়দ ইসশতিয়াক আহমেদ।
এই মামলার শুনানি গ্রহণ করে হাইকোর্ট ১৯৯৭ সালের ৭ মে রায় ঘোষণা করেন। রায়ে ১৯৯৪ সালের ৮ জানুয়ারি স্বতন্ত্র বেতন কাঠামো সংবলিত সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া সরকারের আদেশকে বেআইনী ঘোষণা করা হয়। এছাড়া সংবিধান সংশোধন ছাড়াই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার জন্য সরকারের প্রতি নির্দেশ দেওয়া হয়।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ বিচার বিভাগ পৃথ্ককরণের জন্য সরকারকে ১২ দফা নির্দেশনা প্রদান করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২০২০ ঘ.
bdnews24