২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগের পৃথক যাত্রাপৃথক করার আইনি লড়াই

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার আইনি লড়াই দীর্ঘদিনের। এক যুগ ধরে এ লড়াই চলছে। প্রায় আট বছর আগে দেওয়া চূড়ান্ত রায়ে বিচার বিভাগ পৃথক করার জন্য সুপ্রিম কোর্ট সরকারকে ১২ দফা নির্দেশনা দেয়। এর পর উচ্চ আদালত বার বার তাগিদ দিলেও সরকার বিভিন্ন অজুহাতে রায় বাস্তবায়নে এ পর্যন্ত ২৭ বার সময় নেয়। রায় বাস্তবায়ন না করায় সরকারের উর্ধ্বতন ১৩ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার দুটি রুল জারি করে আপিল বিভাগ। এখনও এর নিষ্পত্তি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 01:47 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার আইনি লড়াই দীর্ঘদিনের। এক যুগ ধরে এ লড়াই চলছে। প্রায় আট বছর আগে দেওয়া চূড়ান্ত রায়ে বিচার বিভাগ পৃথক করার জন্য সুপ্রিম কোর্ট সরকারকে ১২ দফা নির্দেশনা দেয়। এর পর উচ্চ আদালত বার বার তাগিদ দিলেও সরকার বিভিন্ন অজুহাতে রায় বাস্তবায়নে এ পর্যন্ত ২৭ বার সময় নেয়। রায় বাস্তবায়ন না করায় সরকারের উর্ধ্বতন ১৩ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার দুটি রুল জারি করে আপিল বিভাগ। এখনও এর নিষ্পত্তি হয়নি। ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়ে বিচার বিভাগের ঐতিহাসিক যাত্রা শুরু হচ্ছে। তবে পৃথক করার পরও প্রক্রিয়াটি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে থাকছে। তাই বিচার বিভাগ পৃথককরণের আইনি লড়াই এখনই শেষ হচ্ছে না। ১৯৯৪ সালের ৮ জানুয়ারি সরকার এক আদেশে নিম্ন আদালতের বিচারকদের জন্য বর্ধিত বেতনসহ স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা করে। কিন্তু ওই বছরের ২৮ ফেব্র"য়ারি আদেশটি স্থগিত করা হয়। ১৯৯৫ সালের ২ নভেম্বর সরকার অপর এক আদেশে ওই বর্ধিত সুবিধা বহাল রেখে সঙ্গে কিছু শর্ত জুড়ে দেয়। অন্য ক্যাডারের কর্মকর্তাদেরও আর্থিক সুবিধা বাড়িয়ে দেওয়া হয়। অন্য ক্যাডারদের সঙ্গে বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন বৈষম্যের বিষয়টি চ্যালেঞ্জ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের তৎকালীন সাধারন সম্পাদক মো. মাসদার হোসেনসহ ৪৪১ জন বিচার বিভাগীয় কর্মকর্তা ১৯৯৫ সালের শেষ দিকে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। বিচার বিভাগ আলাদা করার আইনি লড়াই শুরু হয় তখন থেকেই। রিট আবেদন দায়ের করা ওই কর্মকর্তারা ১৯৯৪ সালের ৮ জানুয়ারির আদেশ বহাল রেখে ১৯৯৫ সালের ২ নভেম্বরের আদেশ বাতিল করার দাবি জানান। তারা বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করারও আবেদন করেন। রিটের শুনানি শেষে ১৯৯৭ সালের ৭ মে বিচারপতি মোঃ মোজাম্মেল হক ও বিচারপতি মোঃ হাসান আমিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রায় ঘোষণা করে। ওই রায়ে ১৯৯৪ সালের ৮ জানুয়ারি স্বতন্ত্র বেতন কাঠামো সংবলিত সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া সরকারের আদেশকে বেআইনি ঘোষণা করা হয়। এছাড়া এ রায়ে সংবিধান সংশোধন ছাড়াই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার জন্য সরকারের প্রতি নির্দেশ দেওয়া হয়। বিচারকাজে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদেরও সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অধীনে ন্যস্ত করার আদেশ দেওয়া হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার আপিল করে। সরকারের পক্ষে আইনি লড়াইয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম। রিটকারীদের পক্ষে বক্তব্য রাখেন ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমীর-উল ইসলাম। ১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ তার রায়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে সরকারকে ১২ দফা নির্দেশনা দেয়। এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য আদালত সরকারকে ছয় মাস সময় বেধে দেয়। বিচারপতি মোস্তফা কামাল, বিচারপতি লতিফুর রহমান, বিচারপতি বিমলেন্দু বিকাশ রায় চৌধুরী, বিচারপতি এ এম মাহমুদূর রহমান ও বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেয়। ১২ দফা নির্দেশনার মধ্যে সরকার সুপ্রিম কোর্টের আর্থিক স্বাধীনতার বিষয়টি মেনে নেয়। কিন্তু সংসদ ও রাষ্ট্রপতি কী আইন ও বিধি প্রণয়ন করবেন সে বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে পারে কিনা তার ব্যাখ্যা চেয়ে আপিল বিভাগে রিভিউ আবেদন দায়ের করে সরকার। ২০০১ সালের ২১ জুন আপিল বিভাগ রিভিউ আবেদনটি খারিজ করে দেয়। রিভিউ আবেদনটি খারিজ হওয়ার ফলে বিচার বিভাগ আলাদা করার মামলার চুড়ান্ত রায় হয়ে যায়। পরে নানা অজুহাতে রায় বাস্তবায়নে সময় চেয়ে সরকারের পক্ষ থেকে বার বার আদালতে আবেদন করা হয়। আদালত ২৭ বার সময়ও মঞ্জুর করে। তাছাড়া বিচার বিভাগ আলাদা করার কাজ সরকার ঠিকমত করছে কিনা বা সরকারের নেওয়া পদক্ষেপ রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা এ বিষয়টি আদালত বার বার পরীক্ষা করে দেখেছে। সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশের আলোকে জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আপিল বিভাগ ২০০৩ সালের ২৬ জানুয়ারি সরকার প্রণীত চারটি বিধিমালা সংশোধন করে দেয়। আদালত সাত দিনের মধ্যে এই বিধিমালা চারটি জারি করতে নির্দেশ দিলেও সরকার তালবাহানা করতে থাকে। এর ধারাবাহিকতায় ২০০৪ সালের ২৯ নভেম্বর যুগ্ম সচিব থেকে সিনিয়র সহকারী সচিব মর্যাদার নয় কর্মকর্তারা বিরুদ্ধে সুয়োমটো আদালত অবমাননার রুল জারি করে আপিল বিভাগ। এ কর্মকর্তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা সম্বলিত রায় বিকৃত করার অভিযোগ আনা হয়। এছাড়া রায় যথাযথভাবে কার্যকর না করার অভিযোগ এনে ২০০৬ সালের ২০ ফেব্র"য়ারি ১০ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার একটি মামলা করা হয়। মামলাটি করেন মাসদার হোসেন মামলার অন্যতম বাদী কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক চৌধুরী মনির উদ্দিন মাহফূজ। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৩ এপ্রিল আপিল বিভাগ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন সচিব, সংস্থাপন সচিব ও অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। চার সচিবসহ সরকারের ১৩ জন উর্ধতন কর্মকর্তা আদালতে নিঃশর্ত ক্ষমা চান। তবে তাদের প্রার্থনা এখনো মঞ্জুর হয়নি। তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল এখনো আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। চার সচিব আদালতে হাজিরা থেকে অব্যাহতি পেলেও অপর ৯ কর্মকর্তাকে আপিল বিভাগে হাজির হতে হয়। বিচার বিভাগ পৃথককরণ প্রক্রিয়ার অগ্রগতির বিষয়টি বিভিন্ন সময় সরকারকে আদালতে অবহিত করেন অ্যাটর্নি জেনারেল। ১ নভেম্বর থেকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়ে যাত্রা শুরু হচ্ছে। তবে গত ২২ অক্টোবর বিচার প্রশাসন সার্ভিসের এক সভায় বিচার বিভাগকে পৃথক করার বিষয়ে প্রশাসন সার্ভিসের কর্মকর্তারা বিরোধিতা করে বক্তব্য দেন। বিষয়টি নিয়ে গত ২৪ অক্টোবর প্রশাসন সার্ভিসের পাঁচ কর্মকর্তার প্রতি আদালত অবমাননার মামলা করার কথা বলে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বার কাউন্সিলের সাবেক সদস্য জেড আই খান পান্না। তিনি আদালত অবমাননার মামলা করলে বিচার বিভাগ আলাদা করার আইনি লড়াইয়ে আরেকটি মাত্রা যুক্ত হবে। আদালত নিজেও স্বপ্রণোদিত হয়ে এ বিষয়টি এখতিয়ারে নিতে পারেন। তাছাড়া বিচার বিভাগ আলাদা করতে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হলেও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অপরাধ আমলে নেওয়া ও সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা দিচ্ছে সরকার। তাই এই বিষয়টি আদালতে উঠলে সরকার আরেকটি আদালত অবমাননা মামলার মুখোমুখি হতে পারে। তাই বিচার বিভাগ পৃথক করার আইনি লড়াই শেষ হয়েও শেষ হচ্ছেনা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএসবি/এমএ/১৯৩২ ঘ.