বরিশাল, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ট্যারা শাহজাহান হত্যা মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মজিবর রহমান সরোয়ারসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মীর কাসেম বুধবার বিকালে মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রটি যাচাইবাছাই শেষে আদালত গ্রহণ করবে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাকিম মুনিম হাসান।
মেয়র ছাড়াও অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন, ওয়ার্ড কমিশনার আতিকুর রহমান আতিক, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার আসামি আব্দুস সোবহান।
৫১ আসামির মধ্যে মেয়র সরোয়ারসহ ১৫ জন গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে সুলতান শরীফ, আতিকুর রহমান, আবদুল খালেক হাওলাদার, আবদুস সোবাহান খান এবং কালু খাঁ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।
২০০৩ সালে ১৬ সেপ্টেম্বর নগরীর জিয়া সড়কে নিজ বাড়ির সামনে সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে হত্যা করে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ট্যারা শাহজাহানকে।
হত্যাকাণ্ডের পর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। তাতে বলা হয়, গণরোষেই শাহজাহান নিহত হয়েছেন।
সিটি মেয়র সরোয়ার চলতি বছরের ২৮ মে গ্রেপ্তার হবার পর শাহজাহানের স্ত্রী শাহনাজ পারভীন রেনু বাদি হয়ে নতুন করে মামলা করেন। গত ৫ জুন দায়ের করা ওই মামলায় মেয়র সারোয়ার ও কমিশনার আতিকুরসহ ২১ জনকে আসামি করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৯ ঘ.
bdnews24