ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জালিয়াতির মাধ্যমে ওরিয়েন্টাল ব্যাংকের ৬ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের মামলায় ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বুধবার বিকেলে বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম এ অভিযোগ গঠন করেন। ৮ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষে ১২ জনকে সাক্ষী করা হয়েছে।
মামলার অপর আসামিরা হচ্ছেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, প্রিন্সিপাল শাখার নির্বাহী কর্মকর্তা এ এন এম রফিকুল ইসলাম, একই শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদউল্লাহ, সহকারী ভাইস প্রেসিডেন্ট এ কে এম নেয়ামত উল্লাহ ও সাবেক সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান।
এ এন এম রফিকুল ইসলাম ছাড়া বাকি আসামিরা পলাতক রয়েছেন। ২৩ অক্টোবর তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন ও অন্য আসামিদের সক্রিয় সহযোগিতায় ওবায়দুল করিম ওই শাখায় জনৈক বেলাল হোসেনের নামে একটি ভুয়া হিসাব খোলেন। পরে বেআইনিভাবে একটি 'ইন্টার ব্রাঞ্চ ডেবিট অ্যাডভাইস' এর মাধ্যমে ইসলামপুর শাখা থেকে ৬ কোটি ৭০ লাখ টাকা ওই ভুয়া হিসাবে জমা করেন। পরে সব টাকা আত্মসাত করা হয়।
গত ১ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক বাদি হয়ে প্রাথমিকভাবে চার জনকে আসামি করে মতিঝিল থানায় একটি মামলা করেন। ২৭ আগস্ট কমিশনের সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান তদন্ত শেষে আরও দু'জনকে আসামি করে তাদের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/এমএ/১৮৫৫ ঘ.
bdnews24