২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিভি ফরম পূরণে সতর্ক থাকার পরামর্শ

আমেরিকায় যাওয়ার ডিভি ফরম যথাযথভাবে পূরণ করতে বলেছেন ঢাকায় আমেরিকান দূতাবাসের কনসুলার বিভাগের প্রধান এলিজাবেথ পি গলে। তিনি এজেন্টের পরিবর্তে আবেদনকারীকে নিজের ফরম নিজেই পূরণ করার পরামর্শ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 12:36 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আমেরিকায় যাওয়ার ডিভি ফরম যথাযথভাবে পূরণ করতে বলেছেন ঢাকায় আমেরিকান দূতাবাসের কনসুলার বিভাগের প্রধান এলিজাবেথ পি গলে। তিনি এজেন্টের পরিবর্তে আবেদনকারীকে নিজের ফরম নিজেই পূরণ করার পরামর্শ দিয়েছেন। বুধবার রাজধানীর শেরাটন হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক মধ্যহ্নভোজ সভায় তিনি বলেন, "ডিভি ভিসা পূরণের ক্ষেত্রে আবেদনকারীদের সচেতন থাকতে হবে। যথাযথভাবে ফরমটি পূরণ করা হয়েছে কিনা তা বার বার পরীক্ষা করার পর সঠিক ঠিকানায় পাঠাতে হবে।" ভোজসভার প্রধান অতিথি এলিজাবেথ গলে বলেন, "অনেক ক্ষেত্রে আবেদনকারীরা বিভিন্ন এজেন্টের মাধ্যমে ফরম পূরণ করছেন বলে আমাদের কাছে অভিযোগ আছে। এক্ষেত্রে অনেকে প্রতারণার শিকার হচ্ছেন বলেও আমরা জানতে পেরেছি। এজেন্টের লোকজন শেষ মুহূর্তে আবেদনকারীর নাম-ঠিকানা পরিবর্তন করে অন্য কারো নাম-ঠিকানা সংযোজন করে দেয়। এ কারণে নিজের ফরম সতর্কতার সঙ্গে নিজে পূরণ করে পাঠানো উচিত।" সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যামচামের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। আমেরিকান দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০০৯ সালে বাংলাদেশ থেকে সাড়ে তিন হাজারের মতো লোক ডিভি লটারির মাধ্যমে ভিসা (গ্রিন কার্ড) পেয়ে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ পাবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/এসএনডি/এমএ/১৮৪০ ঘ.