ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিশ্ব প্রতিযোগিতার প্রতিবেদন ২০০৭ (জিসিআর) অনুযায়ী প্রতিযোগিতার দক্ষতার দিক দিয়ে বাংলাদেশের অবনতি ঘটেছে। বাংলাদেশের অবস্থান প্রতিযোগিতার তালিকায় ১৫ ধাপ পিছিয়ে গিয়ে ২০০৬ সালের ৯২ থেকে নেমে ১০৭তম অবস্থানে দাঁড়িয়েছে।
গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, "আমাদের আনন্দ করার কিছু নেই। প্রতিযোগিতায় আমরা অন্য দেশের তুলনায় পিছিয়ে পড়ছি।"
দুর্নীতি, অদক্ষ সরকারি আমলাতন্ত্র, অপর্যাপ্ত অবকাঠামো এবং নীতির অস্থিতিশীলতা দেশের ব্যবসায় পরিবেশকে প্রভাবিত করার ক্ষেত্রে প্রধান নিয়ামক বলে তিনি উল্লেখ করেন।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) জিসিআর ২০০৭ প্রকাশনা অনুষ্ঠানে মুস্তাফিজুর রহমান এ মন্তব্য করেন। বিশ্বের ১৩১টি দেশের প্রতিযোগিতার দক্ষতার ওপর জরিপ চালিয়ে ফোরাম এটি প্রকাশ করেছে। এ দেশগুলোর ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের মতামতের ভিত্তিতে এটি তৈরি করা হয়।
২০০৭ সালে বৈশ্বিক আরো তিনটি সমীক্ষায় বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। আগের এ সমীক্ষা প্রতিবেদনগুলো হচ্ছে দূর্নীতি ধারণা সূচক, ব্যবসা সহায়ক পরিবেশ প্রতিবেদন এবং বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন।
ডব্লিউইএফ ২০০৬ সালে ১২৫টি দেশের ব্যবসায় প্রতিযোগিতার প্রতিবেদন প্রকাশ করে।
জিসিআই ২০০৭ এ ব্যবসায় প্রতিযোগিতা সূচকও অন্তর্ভূক্ত রয়েছে। প্রতিষ্ঠান, অবকাঠামো, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষাসহ ১২টি নির্দেশকের ভিত্তিতে এ জরীপ চালানো হয়। এতে দেখা গেছে যে প্রতিটি সূচকের ক্ষেত্রেই বাংলাদেশের অবনতি হয়েছে।
মুস্তাফিজ বলেন, "এটা হতাশাজনক। এটি পরিস্কার বুঝিয়ে দিচ্ছে যে, বাংলাদেশের দক্ষতার অবনতি হয়েছে বলেই বড় সংস্থাগুলো মনে করছে।
প্রতিষ্ঠান, উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও কারিগরী সক্ষমতার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন ১০টি দেশের মধ্যে।
জিসিআই মতে, প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত প্রস্তুতির দিক দিয়ে বাংলাদেশের অবস্থান শেষের দশটি দেশের মধ্যে।
সিপিডির নির্বাহী পরিচালক জানান, বাজারের আকার, আর্থিক বাজারের অগ্রসরতা ও শ্রম বাজারের দক্ষতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা তুলনামূলকভাবে ভালো। তবে অন্য দেশের তুলনায় এখানেও অবনতির ছাপ স্পষ্ট।
তিনি বলেন,"এ নির্দেশক কয়টির ভিত্তিতে আমরা বড় কোন সিদ্ধান্ত নিলে তা ভুল হবে। তবে এসব তথ্য মনে রাখা বুদ্ধিমানের কাজ হবে। এসব তথ্য থেকেই আমরা বুঝতে পারব কোন বিষয়ের ওপর জোর দিতে হবে।"
সিপিডি নির্বাহী পরিচালক তাদের ব্যবসা পরিবেশ সমীক্ষার উদ্ধৃতি দিয়ে বলেন, দেশের ব্যবসায় পরিবেশও র্দুর্বল সামর্থ্যরে চিত্র তুলে ধরছে।
তিনি বলেন, দেশের রাজনীতিবিদদের আর্থিক সততার ওপর জনগণের খুব কম বিশ্বাস, বিশেষ ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি সরকারি কর্মকর্তাদের পক্ষপাতিত্ব, অকার্যকর জাতীয় সংসদ, অপচয়মূলক সরকারি ব্যয় ও দুর্বল অবকাঠামো দুর্বল ব্যবসা পরিবেশের প্রধান কারণ।
তবে পরবর্তী জিসিআইতে বাংলাদেশের র্যাংকিং এর উন্নতির ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন সিপিডির এই গবেষক। এ সম্পর্কে তিনি বলেন, "২০০৭ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে করা এ জরিপের পর বাংলাদেশ সরকার কিছু সংস্কারমূলক ব্যবস্থা নিয়েছে। আমরা আশা করি জিসিআই ২০০৮ এ আরো ভাল একটি চিত্র পাওয়া যাবে।"
তিনি বলেন,"ব্যবসায়ীদের মধ্যে ভীতি ও অনিশ্চয়তার বোধ বিরাজ করছে। তবে সরকারের নেওয়া উদ্যোগ ঠিকমতো কাজ করলে তা ভালো ফল দেবে।"
ব্যবসায়ীদের আশ্বস্ত করার লক্ষ্যে সরকার গত ৩০ অক্টোবর একটি রেগুলেটরি রিফর্ম কমিশন গঠন করেছে।
সার্বিক সামষ্টিক অর্থনীতি পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সিপিডি নির্বাহী পরিচালক বলেন, আমাদের মূল চ্যালেঞ্জ হল মুদ্রাস্ফীতি। উৎপাদন থেকে শুরু করে মানুষের ক্রয় ক্ষমতাসহ সব ক্ষেত্রে মুদ্রাস্ফীতি প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এফএফ/এমএআর/এসকে/১৭৩৫ঘ.
bdnews24