২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ পৃথকে আওয়ামী লীগই মৌলিক পদক্ষেপ নিয়েছিল: মতিন খসরু

বিচার বিভাগ পৃথক্করণে আওয়ামী লীগই মৌলিক পদক্ষেপগুলো নিয়েছিল বলে দাবি করেছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার হস্তক্ষেপ এবং জোট সরকারের উদ্যোগী না হওয়াকে দেরির কারণ হিসেবে উল্লেখ করেছেন। 'বিচারবিভাগ পৃথক করতে রাজনৈতিক দলগুলো কোনো উদ্যোগ নেয়নি'- এ অভিযোগ প্রত্যাখান করে তিনি বলেন, "যেহেতু সংবিধান সংশোধন ছাড়া কার্যকরভাবে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা সম্ভব ছিল না এবং সংসদে সংবিধান সংশোধনের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আমাদের ছিল না তাই এটা সেসময় সম্ভব হয়নি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 10:52 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগ পৃথক্করণে আওয়ামী লীগই মৌলিক পদক্ষেপগুলো নিয়েছিল বলে দাবি করেছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার হস্তক্ষেপ এবং জোট সরকারের উদ্যোগী না হওয়াকে দেরির কারণ হিসেবে উল্লেখ করেছেন। 'বিচারবিভাগ পৃথক করতে রাজনৈতিক দলগুলো কোনো উদ্যোগ নেয়নি'- এ অভিযোগ প্রত্যাখান করে তিনি বলেন, "যেহেতু সংবিধান সংশোধন ছাড়া কার্যকরভাবে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা সম্ভব ছিল না এবং সংসদে সংবিধান সংশোধনের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আমাদের ছিল না তাই এটা সেসময় সম্ভব হয়নি।" বুধবার দুপুরে বিজয়নগরে তার চেম্বারে এক সংবাদ সম্মেলনে তিনি এ এ কথা বলেন। সাবেক এই আইনমন্ত্রী প্রধান বিচারপতির একটি উক্তি উদ্ধৃত করে বলেন, "২০ বছর কেন একদিনও ওই অযোগ্যদের ভার বহনের সুযোগ নেই। দ্রুত ওই আবর্জনাদের চিহ্নিত এবং অপসারণ করুন। ত্র"টিপূর্ণ লোক বিচারবিভাগে থাকতে পারে না।" বিগত দিনগুলোর রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত বিচারকদের কারণে বিচারবিভাগ আবর্জনায় ভরে গেছে এবং আগামী ২০ বছর এ আবর্জনার ভার বাংলাদেশের মানুষকে বহন করতে হবে- প্রধান বিচারপতির এ উক্তি উদ্ধৃত করে তিনি ওই কথা বলেন। তিনি আরও বলেন, "মাজদার হোসেন মামলার ১২টি নির্দেশনার মধ্যে একটি নির্দেশনা বিচার বিভাগকে আর্থিক স্বাধীনতা প্রদান বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ সরকারই।" আব্দুল মতিন খসরু দাবি করেন, "মাজদার হোসেন মামলার রায় পুনর্বিবেচনার জন্য সরকার যে রিভিউ পিটিশন দাখিল করেছিল তার রায় হয় ২০০১ সালের ৬ এপ্রিল। এ রায়ে ২০০১ সালের ৩১ সেপ্টেম্বরের মধ্যে আদালতের রায় বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। কিন্তু রিভিউ পিটিশনের রায় দেওয়ার একমাসের মাথায় আওয়ামী লীগ সরকারের মেয়াদ পূরণ করে। এছাড়া বিচার বিভাগ পৃথক্করণের চারটি আইন প্রস্তুত করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়ে।" খালেদা জিয়ার হস্তক্ষেপের কারণে পরবর্তীতে আর আদালতের রায় বাস্তবায়ন হয়নি এবং চারদলীয় জোট তাদের সময়ে এ সংক্রান্ত কেনো উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন "নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করাই মূল লক্ষ্য নয়। এটা একটা উপলক্ষ মাত্র। মূল লক্ষ্য হলো বিচার বিভাগের স্বাধীনতা ও মানুষের ন্যায় বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করা।" আওয়ামী লীগ নেতা খসরু নিরপেক্ষভাবে বিচার কাজ সম্পন্ন করতে পুলিশি ব্যাবস্থার সংষ্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন। তিনি বলেন, "একটা মামলার ঘটনা তদন্ত করে চার্জশিট তৈরি করে পুলিশ। সে চার্জশিটে গরমিল থাকলে কখনও ন্যায়বিচার সম্ভব না। তাই ঘটনার তদন্তের জন্য প্রয়োজন স্বাধীন, পেশাদার ও সুপ্রশিক্ষিত পুলিশ সংস্থা। যে পুলিশ কর্মকর্তার অভিজ্ঞতার দৌড় ৩৭৯ ধারায় গরুচুরির মামলা তদন্ত পর্যন্ত সে সাইবার ক্রাইমের তদন্ত করবে কীভাবে?" এছাড়া নির্দলীয় পাবলিক প্রসিকিউটর নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, "বিচারবিভাগের স্বাধীনতা না থাকলে প্রশাসনের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করেন। বিচার বিভাগ স্বাধীন হলে এটা সম্ভব হবে না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এমএ/১৬৩৪ঘু