২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় ওবায়দুল কাদেরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুষ গ্রহণ সংক্রান্ত তিনটি দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেক মামলায় জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বুধবার দুপুরে মামলা তিনটির তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক মো. তালেবুর রহমান ওবায়দুল কাদেরকে প্রতিটি মামলায় গ্রেপ্তার দেখানোসহ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 09:28 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুষ গ্রহণ সংক্রান্ত তিনটি দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেক মামলায় জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বুধবার দুপুরে মামলা তিনটির তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক মো. তালেবুর রহমান ওবায়দুল কাদেরকে প্রতিটি মামলায় গ্রেপ্তার দেখানোসহ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন। মহানগর হাকিম মো. মিজানুর রহমান আবেদনগুলো শুনানি শেষে অভিযুক্তকে প্রত্যেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। ৩০ সেপ্টেম্বর পল্টন থানায় দুদকের সহকারি পরিচালক আশরাফুল ইসলামের দায়ের করা তিন মামলার অভিযোগে বলা হয়, ওবায়দুল কাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকা কালে জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়ন কাজের জন্য নিয়োজিত ঠিকাদারদের কাজ ও বিলের নিশ্চয়তা দিয়ে উৎকোচ গ্রহণ করে ক্ষমতার দাপটে তিনি নিজে ও অন্যকে লাভবান করার জন্য দুর্নীতি করেছেন। একটি মামলার এজাহারে বলা হয়েছে, ওবায়দুল কাদের ১৯৯৯ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর সময়ের মধ্যে জিবিবি লিমিটেড, মো. ইউনুস অ্যান্ড ব্রাদার্সসহ ১৪টি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৮ লাখ টাকা নিয়েছেন। দ্বিতীয় মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০০০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ওবায়দুল কাদের সানরাইজ ইঞ্জিনিয়ার্স, জি এন্টারপ্রাইজ, এস এস ইঞ্জিনিয়ারিংসহ ৩০টি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে ৪৭ লাখ টাকা নেন। তৃতীয় মামলায় অভিযোগ আনা হয়েছে, ২০০১ সালের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে তিনি কসটেইন ইঞ্জিনিয়ার্স, বান্ধব ট্রেডিং লিমিটেডসহ ৩১টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫৭ লাখ টাকা নিয়েছেন। ওবায়দুল কাদের বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। গত ৯ মার্চ ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমএ/১৫২১ঘ.