২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় 'বন্দুকযুদ্ধে' 'চরমপন্থী' নিহত

আটঘরিয়া উপজেলায় মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বেলাল হোসেন (৩৫) নামে এক 'চরমপন্থী' নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 08:25 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

পাবনা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আটঘরিয়া উপজেলায় মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' বেলাল হোসেন (৩৫) নামে এক 'চরমপন্থী' নিহত হয়েছে। পাবনার পুলিশ সুপার এএফএম মাসুম রব্বানী জানান, আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার একদন্ত ইউনিয়নের হায়দারপুর থেকে চরমপন্থী দলের সদস্য বেলালকে গ্রেপ্তার করে। বেলালের স্বীকারোক্তি অনুযায়ী তার সহযোগীদের গ্রেপ্তারে রাতে ওই ইউনিয়নের বারইপাড়া মাঠের দিকে রওনা হয় পুলিশ। মাসুদ রব্বানী জানান, বেলালকে নিয়ে বারইপাড়া মাঠে পৌঁছালে ধান ক্ষেতে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের বন্দুকযুদ্ধে চলার সময় বেলাল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। নিহত বেলাল হয়দারপুর গ্রামের মৃত জিন্নাত আলী মৃধার ছেলে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৫ ঘ.