ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করণ সংক্রান্ত মাজদার হোসেন মামলায় আগামী ১৫ নভেম্বর পরবর্তী আদেশ দেবেন সুপ্রিম কোর্ট।
পৃথককরণের রায় লঙ্ঘনের দায়ে চার সচিবসহ ১৩ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার দুইটি মামলার ওপরও ওইদিন আদেশ দেয়া হবে। পৃথককরণের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আদালতকক্ষসহ আনুষঙ্গিক অবকাঠামো স্থাপনে আদালত এর আগে যে সব নির্দেশ দিয়েছিল তা পুরোপুরিভাবে পালন করতে আবারও আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। (আরও তথ্যসহ)
বুধবার সকাল ৯টা ৩৬ মিনিটে প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এসব আদেশ দেন। এছাড়া জেলা প্রশাসকদের কাছ থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য আদালতকক্ষ, গাড়ী ও আনুষঙ্গিক সুবিধা না চাওয়া সম্পর্কে জেলা জজদের কাছে আইন মন্ত্রণালয়ের চিঠির বিষয়েও ১৫ নভেম্বর আদেশ দেবেন সুপ্রিম কোর্ট।
গত ১৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য আদালতকক্ষ, গাড়ী, লোকবল ও আনুষঙ্গিক বিষয়াদির ব্যবস্থা নিশ্চিত করে আদালতকে হলফনামার মাধ্যমে জানাতে সরকারকে নির্দেশ দিয়েছিল।
এরপর গত ২৮ অক্টোবর সুপ্রিমাকোর্ট আইন মন্ত্রণালয়ের ২৪ অক্টোবরের দেয়া চিঠিকে কেন্দ্র করে সরকারের চার সচিবের প্রতি সুয়োমটো আদেশ জারি করে। ওইদিন আদালত আইন মন্ত্রণালয়ের চিঠি কার্যকারিতা স্থগিত করে দুই দিনের মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য এজলাসসহ অবকাঠামোগত সুবিধাদি নিশ্চিত করে সুপ্রিমকোর্টে জানাতে নির্দেশ দেয়া হয়েছিল।
বুধবার সকালে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের এজলাসের ব্যবস্থাসহ পৃথককরণের অগ্রগতি হলফনামার মাধ্যমে আদালতে জমা দেন।
মন্ত্রীপরিষদ সচিব, সংস্থাপন সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব তাদের হলফনামায় সবরকম সহযোগিতা করার জন্য আদালতের কাছে অঙ্গীকার করেছেন। তারা হলফনামায় বলেছেন, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছে ইতোমধ্যে বিচার বিভাগ পৃথক করণের বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের এজলাস সহ সব ধরনের সহযোগিতার নির্দেশ পাঠানো হয়েছে।
আইন সচিব কাজী হাবিবুল আউয়াল তার প্রতি আদালতের জারি করা রুলের জবাবে তাকে দায় থেকে অব্যাহতি দেয়ার আবেদন জানিয়ে বলেন, গত ২৪ অক্টোবর বিচার বিভাগ পৃথককরণের লক্ষ্যে আন্তমন্ত্রণালয় সভা হয়। সভায় পৃথককরণের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পৃথককরণে কোনরকম বাধা সৃষ্টি যাতে না হয় সেজন্য আইন উপদেষ্টার অনুমোদনক্রমে সরল বিশ্বাসে ও সৎ উদ্দেশ্যে এই চিঠিটি দেয়া হয়। আপিল বিভাগ এ চিঠিটি বাতিল করতে পারেন বলে জবাবে বলা হয়। আদালত এসব জবাব ও হলফনামা বিবেচনা করে আগামী ১৫ নভেম্বর এ ব্যাপারে আদেশ দেবেন বলে জানান।
আদালত থেকে বের হয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের নির্দেশ অনুযায়ী সরকারের পক্ষ থেকে হলফনামা জমা দিয়েছি। আদালত ১৫ নভেম্বর আদেশ দেবেন। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আদালত অবমাননাকারীদের এর আগে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছিলেন আদালত। আদালতের সেই আদেশ আগামী ১৫ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
মাজদার হোসেন মামলার বাদি পক্ষের প্রধান কৌসুলি ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, "পৃথক করণের সব কিছু সুন্দরভাবে আগাচ্ছিল। কিন্তু আইন মন্ত্রণালয় বেতাল সুরে চিঠি দেওয়ায় সব কিছু তালগোল পাকিয়ে গেল। আদালত সবকিছু পর্যালোচনা করে আগামী ১৫ নভেম্বর আদেশ দেবেন।"
ব্যারিস্টার আমীর আরও বলেন, বিচার বিভাগ পৃথক করণের জন্য এজলাসসহ আনুষঙ্গিক বিষয়ে সরকারের চার সচিব অধস্তনদের নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসকদের সহায়তা নেয়া যাবেনা বলে আইন সচিবের চিঠির কারণে পৃথককরণের গতি ব্যহত হয়েছে।
ব্যারিস্টার আমীর বলেন, "গত আড়াইশ বছর ধরে বিচার বিভাগ পৃথক করণের প্রক্রিয়া চলে আসছে। ব্রিটিশ সাম্রাজ্য রক্ষার জন্য প্রশাসনের কাছে বিচার ও নির্বাহী বিভাগের ক্ষমতা দেয়া হয়েছিল। কিন্তু ১৯২১ সাল থেকে বিচার বিভাগ পৃথক করণের আইনি কাঠামো তৈরির প্রচেষ্টা চলছিল। ১৯৫৭ সালে যুক্তফ্রন্ট সরকার এ ব্যাপারে একটি বিলও পাস করে। কিন্তু প্রশাসনের বিরোধিতার কারণে ওই বিল আর বাস্তবায়ন হয়নি।"
তিনি বলেন, বিচার বিভাগ পৃথক করণ একটি শুভ উদ্যোগ। ৩০ হাজার আইনজীবীর ঐক্যবদ্ধ আন্দোলনের ফল এই বিচার বিভাগ পৃথক করণ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএ/১৩৩৭ঘ.
bdnews24