২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে মেয়র তৈয়েবুরের বিরুদ্ধে জিডি

দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র শেখ তৈয়েবুর রহমান, জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের, কেসিসির কর্মকর্তা খান এনায়েত আলী ও মেয়রের ভাগ্নে কাজী শওকত হোসেন ঠাণ্ডুর বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি সাধারণ এজাহার (জিডি) হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 05:10 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

খুলনা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র শেখ তৈয়েবুর রহমান, জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের, কেসিসির কর্মকর্তা খান এনায়েত আলী ও মেয়রের ভাগ্নে কাজী শওকত হোসেন ঠাণ্ডুর বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি সাধারণ এজাহার (জিডি) হয়েছে। কেসিসির মিউনিসিপাল সার্ভিস প্রজেক্টের (এমএসপি) বরখাস্তকৃত কর্মকর্তা এসএম হাফিজুর রহমান সোমবার রাতে এই এজাহার দেন। সদর থানার উপপরিদর্শক কেশব চন্দ্র চক্রবর্তী জানান, এজাহারটি নথিভুক্ত করা হয়েছে। লিখিত অভিযোগে হাফিজুর রহমান বলেন, মেয়র তার পদোন্নতির জন্য ২ লাখ ৯০ হাজার টাকা ঘুষ নেওয়ার পর আরো ২ লাখ টাকা দাবি করেন। ওই টাকা না দেওয়ায় তার পদোন্নতি হয়নি। পরে তাকে বরখাস্ত করা হয়। এছাড়া করপোরেশনের পানি বিশুদ্ধ করার জন্য ক্লোরিন গ্যাস কেনার নাম করে অভিযুক্তরা ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং ভুয়া কাগজপত্র দেখিয়ে কেসিসিতে লোক নিয়োগ করে লাখ লাখ টাকা আয় করেছে বলেও অভিযোগ এনেছেন তিনি। এ বিষয়ে মেয়র শেখ তৈয়েবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার সঙ্গে কথা বলা যায়নি। সাংবাদিক পরিচয় জেনে তার মোবাইল ফোনটির সংযোগ কয়েকবারই বন্ধ করে দেওয়া হয়। কেসিসির জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের বলেন, "জিডির বিষয়ে আমি কিছু জানি না।" বিভিন্ন পত্রিকায় প্রকাশিত দুর্নীতি দমন কমিশনের সর্বশেষ সন্দেহভাজন দুর্নীতিবাজের তালিকায় মেয়র তৈয়েবুর রহমানের নাম রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/এমএইচবি/২১১৯ ঘ.