ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তেজগাঁও শিল্প এলাকার পোশাক কারখানা নাসা গার্মেন্টেসের আটক শ্রমিকদের মুক্তির দাবিতে একই এলাকার আরও তিনটি পোশাক কারখানার শ্রমিকরা মঙ্গলবার বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে।
মঙ্গলবার সকালে নাসা গার্মেন্টেসের সামনে পদ্মা পলিকটন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। প্রায় একই সময় সাত রাস্তা মোড়ের কাছে র্যাডিকেল গার্মেন্টস ও তেজগাঁও টেক্সটাইল নামে দুটি কারখানার শ্রমিকরাও একই দাবিতে রাস্তায় মিছিল বের করে।
মিছিল নিয়ে শ্রমিকরা সড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সিকদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নাসা গার্মেন্টেসের শ্রমিকদের দাবির প্রতি আরও তিনটি কারখানার শ্রমিকরা সমর্থন জানিয়ে কাজ বন্ধ রাখে।
পদ্মা পলিকটনের মহা-ব্যবস্থাপক (প্রশাসন) নুরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের শ্রমিক সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। অন্য যে কোনো কারখানার চেয়ে তারা শ্রমিকদের বেশি বেতন ভাতা দেন। কিন্তু অন্য একটি গার্মেন্টেসের শ্রমিকদের মুক্তির দাবিতে তারা কাজ বন্ধ করে দেওয়ায় প্রচুর ক্ষতি হয়েছে। শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হলেও তারা একই দাবিতে অনড় আছে বলে তিনি জানান।
বেতন ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত রমজান মাসে আন্দোলন শুরু করে নাসা গার্মেন্টেসের শ্রমিকরা। পরে বিজিএমইএ নেতাদের উপস্থিতিতে গত ২৪ সেপ্টেম্বর মালিক পক্ষের সঙ্গে তাদের একটি সমঝোতা হয়। এরপরই মালিক পক্ষের করা মামলায় ১২ অক্টোবর ঈদের একদিন আগে পুলিশ বেশ কয়েকজন শ্রমিককে গ্রেপ্তার করে।
ঈদের ছুটির পর কারখানা খুললে শ্রমিকরা মামলা প্রত্যাহার ও আটক সহকর্মীদের মুক্তির দাবি জানায়। পরে ২৪ অক্টোবর নাসা গার্মেন্টেসের মালিক পক্ষ শ্রমিকদের কাজে যোগ না দেওয়ার অভিযোগ এনে কারখানা বন্ধ ঘোষাণা করে। এরপর থেকে এই পোশাক কারখানা ঘিরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় উত্তেজনা চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/এসএনডি/এসএনডি/২০০০ ঘ.
bdnews24