ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি তারেক রহমানের সঙ্গে মঙ্গলবার তার স্ত্রী ডা. জোবাইদা রহমানসহ পাঁচজন দেখা করেছেন।
কারা উপ মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত তারা তারেক রহমানের সঙ্গে কথা বলার সুযোগ পান। এ সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। জেল সুপারের কক্ষে তারা কথা বলেন।
তারেকের সঙ্গে সাক্ষাৎ করা অন্য চারজন হচ্ছেন- তার চাচী তাহেরা বেগম, আরাফাত রহমানের স্ত্রী শর্মিলী রহমান সিথি, জোবাইদা রহমানের বড় বোন বিন্দু ও বিন্দুর স্বামী সৈয়দ শফিউজ্জামান।
প্রসঙ্গত, গত ৭ মার্চ গ্রেপ্তার হন তারেক রহমান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/১৯৩৯ ঘ.
bdnews24